এবার জোড়া গোলের হ্যাটট্রিক করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে জোড়া গোল করলেন তিনি। প্রথম দু’বার পর্তুগালের জার্সিতে এবং এবার আল-নাসেরের হয়ে দুই গোল করলেন সিআরসেভেন। জাতীয় দলের জার্সি গায়ে পর্তুগালের হয়ে যেখানে শেষ করেছিলেন, ক্লাবে ফিরে গতরাতে যেন সেখান থেকেই শুরু করলেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) আল-আদাহর মাঠ প্রিন্স আবদুল্লাহ বিন জালাভি স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচে আল আদাহকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রোনালদোর ক্লাব আল-নাসের। ম্যাচে জোড়া গোল করেন রোনালদো ও ব্রাজিলিয়ান তালসিকা। বাকি গোলটি করেন আয়মান ইয়াহিয়া।
ম্যাচের শুরুতে গোল পেয়ে যেতে পারতেন রোনালদো। চতুর্থ মিনিটে রোনালদোর প্রচেষ্টা ব্যর্থ হয়। ম্যাচের ৪০ মিনিটে আল-আদাহ’র ডি-বক্সে আবদুল্লাহ আল আমরি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় নাসের। সেখান থেকে পেনাল্টি থেকে স্পট কিকে গোল করেন সিআরসেভেন।
ম্যাচের ৫৫ মিনিটে আব্দুল্লাহ আল আমরির পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফুটবলার তালসিকা। এরপর ডান পায়ে অভ্যস্ত পর্তুগিজ অধিনায়ক দুর্দান্ত একটি গোল করেন বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে।
ম্যাচের ৭৮তম মিনিটে আয়মান ইয়াহিয়ার পাস থেকে অসাধারণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তালসিকা। যোগ করা অতিরিক্ত সময়ে আয়মান ইয়াহিয়া দলের হয়ে ৫ম গোলটি করেন।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে আল নাসের। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫২। সমানসংখ্যক ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল ইত্তিহাদ।

