লিওনেল মেসির সৌদি আরব যাওয়ার গুঞ্জন এখনও সত্য প্রমাণিত হয়নি। এরই মধ্যে আলোচনায় করিম বেনজেমা। জোর গুঞ্জন উঠেছে, রিয়াল ছেড়ে সৌদি যাবেন ফরাসি স্ট্রাইকার!
সৌদি প্রো লিগের একটি ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন বেনজেমা। ফরাসি স্ট্রাইকার ইতিমধ্যে তার ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কিন্তু সেই সিদ্ধান্ত জানা যায়নি। রিয়াল তারকাকে নিয়ে এমন তথ্য দিয়েছে দ্য অ্যাথলেটিক। সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে, বেনজেমা ২০২৪ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ।
কিন্তু লস ব্লাঙ্কোসরা তাকে ছেড়ে দেবে যদি তিনি লোভনীয় প্রস্তাব মেনে নেন। এর আগে শোনা যায়, দুই বছরের জন্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব পেয়েছেন বেনজেমা। গত ডিসেম্বরে ৩৫তম জন্মদিন পালন করেন ফরাসি স্ট্রাইকার। বয়স বাড়লেও ক্লান্তির ছাপ নেই তার ফুটবলে। চলতি মৌসুমে ২৩টি লা লিগা ম্যাচে ১৮টি গোল করেছেন তিনি। স্পেনের টপ-ফ্লাইটে গোলসংখ্যায় তার ওপরে আছেন কেবল একজন। তিনি বার্সেলোনার রবার্ট লেভানদোভস্কি।
রোববার রাতে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামবে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওকে আতিথেয়তা দেবে গত আসরের চ্যাম্পিয়নরা। বলা হচ্ছে, রিয়ালে এটাই বেনজেমার শেষ ম্যাচ। যদিও বিলবাওয়ের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কায় তিনি। ভুগছেন পায়ের ইনজুরিতে।

