আরও একবার পারফর্ম করল পাকিস্তানি বোলাররা। এ যাত্রায় আর ভুল করলেন না বাবর আজমরা। ফলস্বরূপ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের খাতা খুলেছে এশিয়ার দলটি। দুর্বল কানাডাকে হারিয়েছে ৭ উইকেট ব্যবধানে। এই জয়ে টুর্নামেন্টে সুপার এইটে উঠার লড়াইয়ে টিকে থাকল পাকিস্তান।
আজ মঙ্গলবার (১১ জুন) নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৬ রানে থামে কানাডা। লক্ষ্য তাড়ায় ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয় পেয়েছে তারা। প্রথম দুই ম্যাচে হেরেছে যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে। কানাডারও এটা দ্বিতীয় হার। তিন ম্যাচে তাদের জয়ও একটি।
লক্ষ্য তাড়ায় পাকিস্তানকে বেগ পোহাতে হয়নি। যদিও বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে মাত্র ৬ রানে ফেরেন ওপেনার সায়েম আইয়ুব। এরপর দ্বিতীয় উইকেটে ৬৩ রানের প্রতিরোধ গড়ে তুলেন মোহাম্মদ রিজওয়ান এবং অধিনায়ক বাবর আজম। বাবর ব্যক্তিগত ৩৩ রানে আউট হলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান।
রিজওয়ান ৫৩ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন। তার হাফ সেঞ্চুরির ইনিংসে ছিল ২টি এবং ১টি ছক্কার মার। জয়ের মুহূর্তে উইকেটের অপরপ্রান্তে সঙ্গী ছিলেন উসমান খাজা (২*)। পাকিস্তান যখন জয় থেকে মাত্র ৩ রান দূরে ছিল তখন আউট হন ফখর জামান। ৬ বলে খেলে মাত্র ৪ রান করতে পারেন এই ব্যাটার। ফখরকে আউট করেন জেরেমি গর্ডন। প্রথম দুই উইকেট যায় ডিলন হেইলিগারের পকেটে।
মানবকণ্ঠ/এফআই




Comments