Image description

ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোর জেরে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান, যা আইসিসিকে বড় ধরনের আর্থিক ও কূটনৈতিক চাপে ফেলেছে।

পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আইসিসি। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশকে পুনরায় বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা এবং পাকিস্তানকে যথাযথ সম্মান জানানো না হলে তাদের অবস্থান পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেন, “বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হলে এবং পাকিস্তানকে সম্মান দেওয়া হলেই কেবল পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ খেলবে।”

ইউটিউব চ্যানেল ‘কাট বিহাইন্ড’-এ তিনি আরও বলেন, “আইসিসি যত চিঠিই লিখুক, পিসিবিকে নয়—পাকিস্তান সরকারকে লিখুক। পিসিবি কোনো চিঠি দেয়নি বা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। সরকারের সিদ্ধান্তেই আমরা যেতে পারছি না, যেমন ভারতের ক্ষেত্রেও তাদের সরকার সিদ্ধান্ত নেয়।”

তিনি আরও যোগ করেন, “তারা যদি আমাদের খেলাতে চায়, তাহলে নিজেরা আমাদের নিতে আসুক এবং একই সঙ্গে বাংলাদেশকেও বিশ্বকাপে ডাকুক। তাহলেই সমস্যার সমাধান হবে।”

আইসিসি যদি পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়—এমন সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রশিদ লতিফ বলেন, *“যদি নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাহলে পাকিস্তান ও বাংলাদেশ মিলে আলাদা একটি টুর্নামেন্ট আয়োজন করবে এবং সেখানেই আমরা খেলব।”

এই অবস্থান বিশ্ব ক্রিকেটে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মানবকণ্ঠ/আরআই