Image description

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণার রেশ কাটতে না কাটতেই ভারতকে নতুন করে চাপের মুখে ফেলেছে পাকিস্তান। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরের সম্প্রচার স্বত্ব ভারতে বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের এমন অবস্থানের ফলে বিশ্ব ক্রিকেটে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তের পর গত সোমবার জরুরি বৈঠকে বসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও সেই বৈঠক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি, তবে পাকিস্তান তাদের অবস্থানে অনড় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই প্রেক্ষাপটে পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পিসিবি সিদ্ধান্ত নিয়েছে—আগামী মৌসুম থেকে ভারতের কোনো সম্প্রচার সংস্থা বা স্ট্রিমিং প্ল্যাটফর্মের কাছে পিএসএলের সম্প্রচার স্বত্ব দেওয়া হবে না।

এর আগে পিএসএলের সর্বশেষ আসরে ভারতে ম্যাচগুলো সম্প্রচার করেছিল সনি স্পোর্টস নেটওয়ার্ক ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। তবে নতুন মৌসুমে এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আর কোনো চুক্তি করবে না পিসিবি।

গত মৌসুমে পাকিস্তানের ভেতরে পিএসএলের সম্প্রচার স্বত্ব ছিল এ স্পোর্টস ও পিটিভি স্পোর্টসের হাতে। স্ট্রিমিং পার্টনার হিসেবে ছিল ওয়ালি টেকনোলজিস, ট্যাপম্যাড, তামাশা, ডারাজ, বেগিন ও মাইকো। পাকিস্তানের বাইরে বাংলাদেশে পিএসএল সম্প্রচার করেছিল টি স্পোর্টস।

উল্লেখ্য, গত বছর পেহেলগামের ঘটনার পর মৌসুমের মাঝপথেই পিএসএল সম্প্রচার বন্ধ করে দেয় ফ্যানকোড ও সনি স্পোর্টস নেটওয়ার্ক। পাশাপাশি নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পিএসএলের পুরনো ভিডিওগুলোও সরিয়ে নেয় ফ্যানকোড। এবার পুরো মৌসুমের আগেই ভারতে সম্প্রচার স্বত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও তলানিতে ঠেকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মানবকণ্ঠ/আরআই