পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিলেও, টি-টুয়েন্টি বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে দৃঢ় বিশ্বাস করছেন ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের পর এবার একই সুরে কথা বলেছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেন, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ভারত–পাকিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়াবে। তার মতে, “এই সমস্যার সমাধান হবে ইসলামাবাদ ও দিল্লিতে।”
অশ্বিনও রশিদ লতিফের বক্তব্যে একমত পোষণ করে নিজের ইউটিউব চ্যানেলে বলেন, পাকিস্তান খুব শিগগিরই তাদের অবস্থান বদলাবে। তার ভাষায়, “আমি শতভাগ নিশ্চিত ম্যাচটি হবে। আগামী চার-পাঁচ দিনের মধ্যেই পাকিস্তান সিদ্ধান্ত বদলাবে। এই ম্যাচ না হলে আর্থিক ক্ষতি হবে বিশাল—সম্প্রচারক থেকে শুরু করে আইসিসির সব সদস্যই ক্ষতিগ্রস্ত হবে।”
অশ্বিন আরও বলেন, ম্যাচটি না হলে অফিসিয়াল সম্প্রচারকরা বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে এবং আইসিসির বৈঠকে বিষয়টি বড় ইস্যু হয়ে উঠবে। এমনকি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলোয়াড়দের ছাড়পত্র নিয়েও জটিলতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এর আগে, ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না।
এই সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্ভাব্য শাস্তির মুখে পড়তে পারে—এমন আলোচনা শুরু হয়েছে। যদিও আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান জানায়নি। তবে ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পিসিবির একটি সূত্রের বরাতে বলা হয়েছে—এই ম্যাচ না খেললে টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচারক জিওস্টার আইনি পদক্ষেপ নিতে পারে বলে আইসিসি পিসিবিকে সতর্ক করেছে।
অশ্বিনের মতে, নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানো গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “ভারত ও পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেলবে, তাই ভেন্যু কোনো সমস্যা নয়। আশা করি শুভবুদ্ধির জয় হবে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে।”
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। উদ্বোধনী দিনে মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের ম্যাচ, আর একই দিনে কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।
মানবকণ্ঠ/আরআই




Comments