জাহানারার যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে কমিটি
বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের করা যৌন হয়রানির চারটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটির ক্ষেত্রে প্রাথমিক প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি। অভিযোগগুলো ছিল নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মো. মঞ্জুরুল ইসলামের অনুপযুক্ত আচরণসংক্রান্ত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগ উপলব্ধ প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়নি। তবে বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে তদন্ত কমিটি পেশাদার আচরণবিধির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আচরণের প্রাথমিক প্রমাণ পেয়েছে। কমিটির মতে, এসব আচরণ সুপ্রিম কোর্টের প্রযোজ্য নির্দেশিকা অনুযায়ী অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে।
তিন দফা সময় বাড়ানোর পর গত সোমবার তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা দেওয়া হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিমের নেতৃত্বাধীন কমিটি প্রতিবেদনটি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে হস্তান্তর করে।
বিসিবি জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে বোর্ডের বিধিবিধান ও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। হয়রানি ও অসদাচরণের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতির আলোকে বোর্ড তাদের আইনি বিভাগকে সম্পৃক্ত করেছে।
এ ছাড়া, হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের রায় অনুযায়ী অভিযোগ নিষ্পত্তির জন্য বিসিবির প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই উদ্দেশ্যে গঠিত কমিটির প্রধান হিসেবে বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments