Image description

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির গ্রুপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাদের মতে, পাকিস্তানের এই অবস্থান ক্রীড়াসুলভ চেতনার পরিপন্থী এবং অত্যন্ত হতাশাজনক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ফাইনাল চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক প্রভতেজ সিং ভাটিয়া। তিনি স্পষ্ট ভাষায় বলেন, পাকিস্তানের সিদ্ধান্ত ভুল এবং এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অবশ্যই কঠোর পদক্ষেপ নেবে।

ভাটিয়া বলেন, “এটি কোনোভাবেই খেলাধুলার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাকিস্তানের সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা বিশ্বাস করি, আইসিসি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে।”

আইসিসির সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানালেও তিনি জানান, ক্রিকেটের স্বার্থেই কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, পাকিস্তানের বয়কট ঘোষণার পরও ভারতের প্রস্তুতিতে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আয়োজিত অধিনায়কদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত এবং পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হয়নি।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে তারা। গ্রুপ ‘এ’-তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও নেদারল্যান্ডস।

মানবকণ্ঠ/আরআই