Image description

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেছে ভারত। ওপেনার ইষাণ কিষাণের বিধ্বংসী ফিফটি সত্ত্বেও মিডল অর্ডারের ব্যর্থতায় ২০০ ছোঁয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার (১৫ ফেব্রুয়ারি) টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। 

ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় ভারত। বল হাতে ইনিংস উদ্বোধন করতে আসা খোদ পাকিস্তান অধিনায়কই প্রথম ওভারে সাজঘরে ফেরান ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে। কোনো রান না করেই বিদায় নিতে হয় অভিষেককে।

শুরুর এই ধাক্কা সামাল দেন ইষাণ কিষাণ ও তিলক ভার্মা। ইষাণ এদিন মারকুটে মেজাজে ব্যাট চালিয়ে মাত্র ২৭ বলে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও সাইম আইয়ুবের বলে আউট হওয়ার আগে তিনি খেলেন ৪০ বলে ৭৭ রানের এক টর্নেডো ইনিংস। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ৩টি ছক্কায়।

দ্বিতীয় উইকেটে তিলকের সঙ্গে ভালো জুটি গড়লেও মিডল অর্ডারে নামে ধস। সাইম আইয়ুবের বলে তিলক ভার্মা ২৪ রান করে আউট হওয়ার পরের বলেই সাজঘরে ফেরেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক সূর্যকুমার যাদব উইকেটে দীর্ঘক্ষণ টিকে থাকলেও রানের গতি বাড়াতে পারেননি। তিনি ২৯ বলে ৩১ রান করে উসমান তারিকের শিকার হন।

পাকিস্তানের পক্ষে বল হাতে চমৎকার নৈপুণ্য দেখিয়েছেন সাইম আইয়ুব। তিনি একাই শিকার করেন ৩টি উইকেট। ১৭৬ রানের জয়ের লক্ষ্য নিয়ে কিছুক্ষণ পরই মাঠে নামে পাকিস্তান।

মানবকণ্ঠ/ডিআর