Image description

বাংলাদেশ সরকারের নবনিযুক্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হককে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠায়।

বিসিবি জানায়, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের এই নেতৃত্ব দেশের অসংখ্য তরুণ ক্রীড়াবিদ ও সমর্থকদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। দেশের একজন সাবেক তারকা অ্যাথলেটের ক্রীড়াঙ্গনের অভিভাবক হওয়াকে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে বোর্ড।

বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম অভিনন্দন বার্তায় বলেন, "আমিনুল হকের মতো একজন স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্বকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া বাংলাদেশের জন্য একটি বলিষ্ঠ পদক্ষেপ। জাতীয় ফুটবল দলকে দীর্ঘ সময় নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় তিনি খেলোয়াড়দের বাস্তবতা, মাঠের চ্যালেঞ্জ ও প্রত্যাশা সম্পর্কে সম্যক ধারণা রাখেন। আমি বিশ্বাস করি, একজন পেশাদার ক্রীড়াবিদ হিসেবে তার অর্জিত অভিজ্ঞতা দেশের সামগ্রিক খেলাধুলার উন্নয়নে সুদূরপ্রসারী ও ইতিবাচক প্রভাব ফেলবে।"

বিসিবি আরও জানিয়েছে, দেশের সকল স্তরে খেলাধুলার মানোন্নয়ন ও ক্রীড়াবিদদের ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত করতে বোর্ড নতুন প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে ও নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবে।

মানবকণ্ঠ/ডিআর