Image description

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের দেওয়া বক্তব্যকে 'মিথ্যা' বলে দাবি করেছেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

সালাউদ্দিন বলেন, ‘আসিফ নজরুল যেভাবে প্রকাশ্য মিথ্যা কথা বলছেন, আমি আসলে ভাবতেও পারছি না। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক হয়ে এভাবে মিথ্যা বলবেন—এটা আমরা মানতে পারছি না। এখন আমি কীভাবে ক্রিকেটারদের সামনে মুখ দেখাবো?’

বিশ্বকাপ বর্জন নিয়ে সরকারের ও বিসিবির পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করে সালাউদ্দিন আরও বলেন, ‘আমি জানি আমার দুজন খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল, পাঁচ দিন ধরে তারা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তাদের আমরা "অদম্য কাপ" টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি, এটাই আমার জীবনের বড় সাফল্য। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।’

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, বিশ্বকাপে না খেলা সরকারের সিদ্ধান্ত। তবে পরবর্তীতে তিনি অবস্থান পরিবর্তন করে দাবি করেন, এটি সরকারের নয় বরং বিসিবি এবং ক্রিকেটারদের নিজস্ব সিদ্ধান্ত ছিল। আসিফ নজরুল তখন বলেছিলেন, দেশের মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার স্বার্থে ক্রিকেটাররা নিজেরা এই ত্যাগ স্বীকার করেছেন। আসিফ নজরুলের সেই দাবিকেই এবার সরাসরি ‘মিথ্যা’ বলে চ্যালেঞ্জ করলেন কোচ সালাউদ্দিন।

মানবকণ্ঠ/ডিআর