Image description

আগামী মার্চে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুই ম্যাচে প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা হামজাকে পাওয়ার ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাবরেরা এ কথা জানান।

ইনজুরির কারণে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে মাঠের বাইরে রয়েছেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। সেরে উঠতে ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগার কথা থাকলেও কোচ কাবরেরা জানান, হামজার পুনর্বাসন প্রক্রিয়া খুব দ্রুত এগোচ্ছে। তিনি নিয়মিত হামজা এবং লেস্টার সিটির মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ রাখছেন। কোচের প্রত্যাশা, মার্চের মাঝামাঝি সময়েই হামজা মাঠে ফিরবেন এবং ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে তাকে পাওয়া যাবে।

কাবরেরা আরও জানান, হামজা সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিতে পারেন। হামজার পাশাপাশি আরেক প্রবাসী ফুটবলার শমিত সোমের বিষয়েও সুখবর দিয়েছেন কোচ। শমিত ১৬ মার্চ থেকে ঢাকায় শুরু হতে যাওয়া জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে যোগ দিতে আগ্রহী। ঢাকায় কয়েকটি সেশন শেষ করেই ভিয়েতনামের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০৮ নম্বরে থাকা ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কাবরেরা। বছরের শেষে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার গুরুত্ব তুলে ধরেন তিনি। এছাড়া এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের প্রতিও শুভকামনা জানিয়েছেন জাতীয় দলের এই স্প্যানিশ কোচ।

মানবকণ্ঠ/ডিআর