মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ‘সর্বকালের সেরা’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রে আসার আহ্বান জানিয়েছেন। কয়েক মাস আগে হোয়াইট হাউজে তাদের সাক্ষাৎ ঘিরে ইতিবাচক সম্পর্কের যে বার্তা মিলেছিল, এবার সেটিই নতুন করে আলোচনায় এসেছে।
টিকটকে প্রকাশিত এক ভিডিওবার্তায় ট্রাম্প বলেন, “রোনালদো, তুমি সর্বকালের সেরা খেলোয়াড়। আমরা তোমাকে আমেরিকায় চাই। দ্রুত চলে আসো, তোমাকে আমাদের প্রয়োজন।” ভিডিওটির সঙ্গে একটি এআই–নির্মিত দৃশ্য যুক্ত করা হয়, যেখানে ওভাল অফিসে দুজনকে ফুটবল খেলতে দেখা যায়।
এই আহ্বানের পেছনে সম্ভাব্য কারণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে জোর আলোচনা চলছে। ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—সে প্রেক্ষিতে রোনালদোকে আগাম আমন্ত্রণ জানানো হয়ে থাকতে পারে। অন্যদিকে, অনেকে মনে করছেন তাকে মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। বর্তমানে সৌদি আরবের ক্লাবআল-নাসর–এ খেলছেন এই ফরোয়ার্ড।
এর আগে নভেম্বরে হোয়াইট হাউজে সাক্ষাতের পর ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান রোনালদো। পোস্টে তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ–এর উপস্থিতিও ছিল। তিনি লেখেন, নতুন প্রজন্মকে সাহস ও দায়িত্ববোধে অনুপ্রাণিত করতে তিনি ভূমিকা রাখতে চান।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে অংশ নিলে রোনালদো হবেন ইতিহাসের প্রথম ফুটবলার যিনি ছয়টি বিশ্বকাপ খেলবেন। ৪১ বছর বয়সী এই তারকা এখন পেশাদার ক্যারিয়ারের ১০০০তম গোলের দোরগোড়ায়। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে তার বর্তমান গোলসংখ্যা ৯৬৪—মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন আর ৩৬ গোল।
জর্জিনা রদ্রিগেজ
মানবকণ্ঠ/আরআই




Comments