২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার সেই লজ্জা আর অনুশোচনাকেই যেন শক্তিতে রূপান্তর করেছে জিম্বাবুয়ে। নামিবিয়া ও উগান্ডার কাছে হেরে বিশ্বমঞ্চ থেকে ছিটকে পড়া দলটি এবার ২০২৬ বিশ্বকাপে রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে স্তব্ধ করে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে আফ্রিকার এই প্রতিনিধিরা।
গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। লঙ্কানদের দেওয়া ১৭৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নায়ক ছিলেন ব্রায়ান বেনেট (৪৮ বলে ৬৩) এবং অধিনায়ক সিকান্দার রাজা। বিশেষ করে রাজার ২৬ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংসটি ছিল জয়ের মূল কারিগর।
বিস্ময়কর তথ্য হলো, এই লড়াকু ইনিংসটি খেলার সময় রোজা ছিলেন সিকান্দার রাজা। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, রমজান মাসে খেলার ধকল সামলাতে তিনি সেহরি পর্যন্ত জেগে থাকেন। রাজা বলেন, “আমি সেহরি পর্যন্ত জেগে থাকি যাতে সময়মতো খাবার খেতে পারি। রোজা আমার শক্তি কেড়ে নেয় না, বরং আমাকে দ্বিগুণ শক্তি দেয়। এটিই আমার বিশ্বাসের জায়গা।”
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে জিম্বাবুয়ের এই উত্থান অনেক ধারাভাষ্যকারকে অবাক করলেও সিকান্দার রাজা বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। যারা জিম্বাবুয়েকে ‘অ্যাসোসিয়েট’ বা সহযোগী দেশ হিসেবে মন্তব্য করেন, তাদের কড়া জবাব দিয়ে রাজা বলেন, “অনেকেই জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডকে সহযোগী দেশ মনে করেন, কিন্তু তারা ভুলে যান যে আমরা টেস্ট খেলুড়ে দেশ। যারা এমন মন্তব্য করেন, তারা নিজেদের কাজটা ঠিকমতো করেন না।”
এবারের বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের পথচলা মোটেও মসৃণ ছিল না। আইসিসির পূর্ণ সদস্য দেশ হয়েও তাদের খেলতে হয়েছে সাব-রিজিওনাল আফ্রিকা কোয়ালিফায়ার। সেশেলস, মোজাম্বিক বা গাম্বিয়ার মতো দলের বিপক্ষে খেলাটা তাদের জন্য যেমন ছিল বিব্রতকর, তেমনি ছিল অনুপ্রেরণার উৎস। এ প্রসঙ্গে রাজা বলেন, “জিম্বাবুয়ে ক্রিকেটকে এই অবস্থায় আমরাই এনেছিলাম, তাই একে টেনে তোলাও আমাদের দায়িত্ব। ২০২৪ বিশ্বকাপে খেলতে না পারাটা আমাদের জন্য ছিল এক বড় ধাক্কা। সেই বাস্তবতার ধাক্কাটাই আমাদের আজ এই অবস্থানে নিয়ে এসেছে।”
২০২২ সালের বিশ্বকাপে সুপার এইটে ওঠার সুযোগ থাকলেও বাংলাদেশের কাছে ৩ রানে হার এবং নেদারল্যান্ডসের কাছে পরাজয় তাদের স্বপ্নভঙ্গ করেছিল। তবে এবারের বিশ্বকাপে সেই ভুলগুলো শুধরে নিয়ে সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ে এখন সেমিফাইনালের স্বপ্ন দেখছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments