Image description

মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা থেরভান্তেস (ওরফে ‘এল মেনচো’) সেনাবাহিনীর অভিযানে নিহত হওয়ার পর রণক্ষেত্রে পরিণত হয়েছে দেশটি। কার্টেল সদস্যদের নজিরবিহীন সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির মুখে স্থগিত ঘোষণা করা হয়েছে মেক্সিকান ফুটবল লিগের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রোববার হালিস্কো অঙ্গরাজ্যের তাপালপা শহরে এক বিশেষ অভিযানে নেমেসিও ওসেগুয়েরাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। তাকে রাজধানী মেক্সিকো সিটিতে স্থানান্তরের সময় তার সমর্থক ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত ওসেগুয়েরা পরে মারা যান বলে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। অভিযানে তার মাদক চক্র সিজেএনজি’র (হালিস্কো নিউ জেনারেশন) আরও চার সদস্য নিহত হন।

এই মাদক সম্রাটের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার অনুসারীরা আটটি অঙ্গরাজ্যে ব্যাপক তাণ্ডব শুরু করে। তারা সড়কে অসংখ্য যানবাহনে অগ্নিসংযোগ করে, গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে এবং নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র হামলা চালায়।

উত্তপ্ত এই পরিস্থিতির প্রভাবে স্থবির হয়ে পড়েছে মেক্সিকোর ফুটবল মাঠও। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ছেলেদের শীর্ষ লিগের একটি, উইমেন’স লিগের একটি এবং দ্বিতীয় বিভাগের দুটি ম্যাচ স্থগিত করে দিয়েছে। এছাড়া আগামী বুধবার কুয়েরেতারোতে আইসল্যান্ডের বিপক্ষে মেক্সিকো জাতীয় দলের একটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও, চলমান পরিস্থিতিতে সেটিও অনিশ্চয়তার মুখে পড়েছে।

উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক শহরগুলোর মধ্যে অন্যতম গুয়াদালাজারা। সহিংসতার কেন্দ্রস্থল হালিস্কো অঙ্গরাজ্যের এই শহরেই বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্বকাপের প্রস্তুতি চলাকালে মাদক সম্রাটের মৃত্যুকে কেন্দ্র করে এমন সহিংসতা মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

মানবকণ্ঠ/ডিআর