Image description

বাংলাদেশ জাতীয় দলের তরুণ মিডফিল্ডার কিউবা মিচেল ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটিতে যোগ দিয়েছেন। মৌসুমের বাকি সময় ২০ বছর বয়সী এই ফুটবলার ক্লাবটির হয়ে খেলবেন।

সান্ডারল্যান্ড ও বার্মিংহাম সিটির বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা কিউবা এই দলবদলকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন। ক্লাবকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সবকিছু চূড়ান্ত হওয়ায় তিনি ভীষণ খুশি এবং মাঠে নেমে নিজের সামর্থ্য প্রমাণ করতে চান। দলের ভালো পারফরম্যান্সে অবদান রাখাই তার লক্ষ্য।

বাংলাদেশ থেকে ফেরার পরই এই প্রস্তাব পান বলে জানান কিউবা। তার ভাষ্য, ক্লাবটির পরিকল্পনা ও বর্তমান পারফরম্যান্স তাকে আকৃষ্ট করেছে এবং সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে তিনি রোমাঞ্চিত।

জামাইকান বাবা ও বাংলাদেশি মায়ের সন্তান কিউবা গত নভেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক করেন। পরে ভারতের বিপক্ষে ২২ বছর পর পাওয়া ঐতিহাসিক জয়ের দলেও ছিলেন এই তরুণ মিডফিল্ডার।

বর্তমানে ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গ্লুস্টার সিটি। সরাসরি প্রমোশনের লড়াইয়ে থাকা ক্লাবটির লক্ষ্য শীর্ষস্থানের ব্যবধান কমিয়ে শিরোপা জয় অথবা অন্তত প্লে-অফ নিশ্চিত করে ওপরের স্তরে ওঠা।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে তিন বছরের চুক্তিতে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন কিউবা। তবে চলতি বছরের ৩ জানুয়ারি পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করে ইংল্যান্ডে ফিরে যান তিনি।

মানবকণ্ঠ/আরআই