Image description

ফুটবলে সম্ভাব্য প্রায় সব কিছুই জিতে নিয়েছেন লিওনেল মেসি। সর্বকালের সেরাদের সংক্ষিপ্ত তালিকায় তার নাম থাকবেই। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন কিংবদন্তির জীবনে তেমন কোনো দুঃখ থাকার কথা নয়।

তবে খেলার জগতের বাইরে যে পৃথিবী, সেখানকার কিছু বিষয়ে দক্ষতা ও জানাশোনা না থাকায় এখন অনুশোচনা জাগে মেসির।

ইংরেজি ভাষা না শেখা এর একটি।

মেক্সিকোর পডকাস্ট মিরো দে আত্রাসে মেসি এই আক্ষেপের কথা জানিয়েছেন। ইন্টার মায়ামির এই ৩৮ বছর বয়সী মহাতারকা বলেছেন, ‘অনেক বিষয়েই আমার আফসোস আছে। আমি সন্তানদের বলি ভালো শিক্ষা না নেওয়া, ছোটবেলায় ইংরেজি না শেখা...এসব নিয়ে আক্ষেপ রয়েছে।

আমার লেখাপড়া করার সময় ছিল, কিন্তু করিনি। সে জন্য আফসোস হয়।’

ভাষাগত সমস্যায় পড়লে মনের মধ্যে কতটা অস্বস্তি জাগে, সেটিও জনিয়েছেন মেসি, ‘এমন সময় আসে, যখন নামীদামি মানুষের সঙ্গে থাকতে হয়, কথা বলতে বা আলাপ করতে হয়, তখন নিজেকে অজ্ঞ মনে হয়। তখন ভাবি, কী বোকা আমি, কত সময় নষ্ট করেছি!’

নিজের জীবন থেকে নেওয়া এই শিক্ষা এখন সন্তানদের জীবন গড়তে কাজে লাগাচ্ছেন মেসি।

সাক্ষাৎকারে জানিয়েছেন, এখন তিনি তিন সন্তানকে বলেন, জীবন তাদের যেসব সুযোগ দিয়েছে, সেসব যেন তারা দু হাত পেতে গ্রহণ করে, ‘আমার কোনো কিছুর অভাব ছিল না। বাবা সব সময়ই সর্বোচ্চটা করার চেষ্টা করেছেন। কিন্তু ওদের সামনে আরও বেশি সুযোগ রয়েছে।’

২০২৬ বিশ্বকাপে খেলবেন বলে নিশ্চিত করলেও সবকিছুই নির্ভর করছে মেসির ফিটনেসের ওপর। বর্তমানে তিনি ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম নিয়ে ব্যস্ত আছেন।