শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সনাথ জয়াসুরিয়া। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে লঙ্কানদের হতাশাজনক পারফরম্যান্সের পর তিনি এই সিদ্ধান্ত নেন। জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে সুপার এইটস পর্ব পেরোতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ৫ রানের হার লঙ্কানদের বিদায় নিশ্চিত করার পরপরই জয়াসুরিয়া তাঁর পদত্যাগের বিষয়টি জানান। যদিও শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত, তবে ব্যর্থতার দায় নিয়ে তিনি আগেই সরে দাঁড়াচ্ছেন।
অবশ্য পদত্যাগের ঘোষণা দিলেও আগামী ১৩ মার্চ থেকে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজে তাঁকে শেষবারের মতো লঙ্কান ডাগআউটে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে শুরুটা রাজকীয় করেছিলেন জয়াসুরিয়া। তাঁর অধীনে ভারত সফরে ২৭ বছর পর ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়, ওভালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় এবং ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে লঙ্কানরা। এসব সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের ১ অক্টোবর তাঁকে পূর্ণকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
তবে সময়ের সঙ্গে সঙ্গে ‘জয়াসুরিয়া ম্যাজিক’ ম্লান হতে শুরু করে। ২০২৫ এশিয়া কাপে মাঝারি মানের পারফরম্যান্স এবং ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বিশ্বকাপের এই ভরাডুবি তাঁর বিদায় ত্বরান্বিত করল।
মানবকণ্ঠ/আরআই




Comments