টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার দায়ে বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। মাঠের পারফরম্যান্সে হতাশাজনক প্রদর্শনীর কারণে দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পরাজয়ের পরপরই বোর্ড এই কঠোর সিদ্ধান্ত নিয়েছিল।
‘তোষামোদ আর নয়’—কড়া বার্তা পিসিবির: পিসিবি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, খেলোয়াড়দের সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে—তাদের অনেক ‘প্যাম্পারিং’ বা তোষামোদ করা হয়েছে, যা আর চলবে না। এখন থেকে কেবল মাঠের পারফরম্যান্স থাকলেই মিলবে মোটা অঙ্কের আর্থিক সুবিধা, অন্যথায় গুনতে হবে জরিমানা। ভারতের বিপক্ষে হারের পর ড্রেসিংরুমেই বোর্ড নীতি-নির্ধারকরা ক্ষুব্ধ হয়ে খেলোয়াড়দের মনে করিয়ে দেন যে, সাফল্যের জন্য যদি পুরস্কারের ব্যবস্থা থাকে, তবে ব্যর্থতার জন্য শাস্তিও পেতে হবে।
ব্যর্থতার পরিসংখ্যান: এবারের বিশ্বকাপে পাকিস্তানের যাত্রা ছিল একেবারেই সাদামাটা। নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেয়ে কোনোমতে সুপার এইটে পৌঁছালেও ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন ধূলিসাৎ হয় বাবর আজমদের।
ব্যক্তিগত নৈপুণ্যেও দলের অবস্থা ছিল শোচনীয়। সাহিবজাদা ফারহান টুর্নামেন্টে ৩৮৩ রান করলেও বাবর আজম, সাইম আইয়ুব, সালমান আলী আগা ও উসমান খানের মতো চার তারকা ব্যাটার মিলে পুরো টুর্নামেন্টে ১০০ রানও করতে পারেননি। বোলারদের মধ্যে উসমান তারিকের ১০ উইকেট ছাড়া বাকিদের পারফরম্যান্স ছিল গড়পড়তা। পারফরম্যান্সের এমন দৈন্যদশা দেখেই পিসিবি এই কঠোর আর্থিক জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments