Image description

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর আসন্ন মৌসুমের প্লেয়ার ড্রাফট বা নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১২ মার্চ লন্ডনে এই জমকালো ড্রাফট অনুষ্ঠিত হবে। এবারের তালিকায় ২ জন বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেলেও কোনো ভারতীয় পুরুষ ক্রিকেটার নিবন্ধন করেননি।

নিলামের জন্য ঘোষিত তালিকায় মোট ২৪৭ জন পুরুষ এবং ১৭৮ জন নারী ক্রিকেটার রয়েছেন। ড্রাফটে দেশি ও বিদেশি উভয় ক্যাটাগরিতেই রাখা হয়েছে ‘মার্কি’ ক্রিকেটারদের। ইংলিশ তারকাদের মধ্যে ঘরোয়া মার্কি তালিকায় আছেন জো রুট, জনি বেয়ারস্টো ও আদিল রশিদদের মতো বড় নাম।

বিদেশি মার্কি তালিকায় পুরুষ বিভাগে আলোচনার কেন্দ্রে রয়েছেন এইডেন মার্করাম, ডেভিড মিলার, সুনিল নারিন, ড্যারিল মিচেল এবং পাকিস্তানের হারিস রউফ। অন্যদিকে, নারী ক্রিকেটারদের মার্কি তালিকায় দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক এবং ভারতের দীপ্তি শর্মা বিশেষ গুরুত্ব পাচ্ছেন।

এবারের নিলামে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ১৯ জন অস্ট্রেলিয়ার। এরপর দক্ষিণ আফ্রিকার ১৮ জন, পাকিস্তানের ১৪ জন এবং নিউজিল্যান্ডের ১৩ জন খেলোয়াড় তালিকায় আছেন। এছাড়া আফগানিস্তানের ৭ জন, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ৪ জন করে, জিম্বাবুয়ের ৩ জন এবং বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড থেকে ২ জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাত থেকে আছেন একজন। মজার বিষয় হলো, পুরুষদের ড্রাফটে কোনো ভারতীয় খেলোয়াড় না থাকলেও নারীদের ড্রাফটে ১২ জন ভারতীয় খেলোয়াড় নিবন্ধন করেছেন।

নিলাম প্রক্রিয়াটি ১১ ও ১২ মার্চ কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে শীর্ষ ৫০ জন খেলোয়াড়কে বাছাই করা হবে। সেখানে যারা অবিক্রিত থাকবেন, তাদের দ্বিতীয় ও তৃতীয় ধাপে পুনরায় নিলামে তোলা হবে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নিতে মুখিয়ে আছেন বিশ্বসেরা তারকারা।

মানবকণ্ঠ/আরআই