Image description

ঘরের মাঠে ইতিহাস গড়ল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল মেন ইন ব্লুরা। প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো এই সংক্ষিপ্ত ফরম্যাটের শ্রেষ্ঠত্ব অর্জন করল গৌতম গম্ভীরের শিষ্যরা। শিরোপা জয়ের বাঁধভাঙা উল্লাসের পাশাপাশি আইসিসির পক্ষ থেকে বিশাল অঙ্কের প্রাইজমানি পকেটে পুরেছে সূর্যকুমার যাদবের দল।

এবারের বিশ্বকাপের জন্য আইসিসি প্রায় ১৬০ কোটি টাকার মোট প্রাইজমানি ঘোষণা করেছিল, যা গত আসরের তুলনায় ২০ শতাংশ বেশি। ২০২৪ সালের চ্যাম্পিয়ন ভারত পেয়েছিল সাড়ে ২৯ কোটি টাকা। তবে এবার প্রাইজমানি বেড়ে যাওয়ায় চ্যাম্পিয়ন হিসেবে ভারতের ঝুলিতে গেছে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ, গতবারের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেশি পেয়েছেন রোহিত-সূর্যকুমাররা।

ফাইনালে পরাজিত হয়ে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ডও খালি হাতে ফেরেনি। কিউইরা পেয়েছে সাড়ে ১৯ কোটি টাকা। এছাড়া সেমিফাইনালে খেলা দলগুলোর প্রত্যেকে ৯ কোটি ৬৩ লাখ টাকা এবং সুপার এইটে ওঠা দলগুলো ৪ কোটি ৬৩ লাখ টাকা করে পেয়েছে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পেয়েছে ৩ কোটি টাকা করে।

আইসিসির এই নির্ধারিত পুরস্কারের বাইরেও ভারতীয় ক্রিকেটারদের জন্য বড় চমক আসতে পারে বিসিসিআইয়ের পক্ষ থেকে। গত আসরে বিশ্বজয়ের পর ভারতীয় বোর্ড ১২৫ কোটি রুপি বোনাস দিয়েছিল। এবার ঘরের মাঠে শিরোপা জেতায় সূর্যকুমারদের জন্য বিসিসিআই হয়তো আরও বড় কোনো পুরস্কারের ঘোষণা দেবে, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের।

মানবকণ্ঠ/আরআই