দীর্ঘ ৯৯ দিনের বিরতি কাটিয়ে মিরপুরের সবুজ ঘাসে আবারও ফিরল আন্তর্জাতিক ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বুধবার (১১ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে বর্তমানে জাইমা রহমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টস বক্সে অবস্থান করছেন। তার উপস্থিতিতে স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের মাঝে বাড়তি উৎসাহ লক্ষ করা গেছে।
সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে মিরপুরের চেনা উইকেটে আগে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দুই দলের জন্যই এই সিরিজটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বর্তমানে ওয়ানডে র্যাংকিংয়ে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাংকিংয়ের সেরা ৯ দলের মধ্যে থাকা জরুরি। সেই লক্ষ্য পূরণে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে জয় পাওয়া বাংলাদেশের জন্য অপরিহার্য। অধিনায়ক মিরাজ জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ভালো ব্যাটিং উইকেটে নিজেদের অভ্যস্ত করে তোলাই তাদের মূল লক্ষ্য।
সবশেষ গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। এরপর লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ দিয়ে মাঠে ফিরল তারা। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত দুই দেশ ৩৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৩৪টিতে এবং বাংলাদেশের জয় ৫টিতে। তবে ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের।
আজকের ম্যাচেও অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করতে মরিয়া। মাঠের লড়াইয়ে ক্রিকেটারদের পাশাপাশি গ্যালারিতে জাইমা রহমানের উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন উদ্দীপনা যোগ করেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments