শেরে বাংলার বাইশ গজে গতির ঝড় তুললেন নাহিদ রানা। তার বিষাক্ত পেস আর বাউন্সারে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দিশেহারা হয়ে পড়েছে পাকিস্তান। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, আর তার সেই আস্থার পূর্ণ প্রতিদান দিলেন তরুণ তুর্কি নাহিদ রানা।
বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ করেনি পাকিস্তান। দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত সাবধানী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের শুরুর স্পেল তারা ভালোভাবেই সামলে নিয়েছিলেন।
তবে ইনিংসের দশম ওভারে দৃশ্যপট বদলে দেন নাহিদ রানা। ওভারের শেষ বলে আক্রমণাত্মক খেলতে থাকা শাহিবজাদা ফারহানকে (২৭) সাজঘরের পথ দেখান তিনি। এরপর শুরু হয় নাহিদ-শো। তার গতির কাছে পরাস্ত হয়ে একে একে বিদায় নেন শামিল হুসাইন (৪) ও ওপেনার সাদাকাত (১৮)।
পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার ও বড় ভরসা মোহাম্মদ রিজওয়ান এসেও সুবিধা করতে পারেননি। নাহিদ রানার আগুনে স্পেলের সামনে থিতু হওয়ার আগেই ২০ বলে ১০ রান করে বিদায় নেন রিজওয়ান। নাহিদ একাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের টপ অর্ডার। এক উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। নাহিদ রানার এমন বিধ্বংসী বোলিং মিরপুরের গ্যালারিতে থাকা দর্শকদের নতুন এক উন্মাদনা উপহার দিয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments