Image description

কবে ফিরছেন সাকিব আল হাসান? দেশের ক্রিকেট অঙ্গনের সবচেয়ে বড় এই প্রশ্নটি এখন আরও ঘনীভূত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিবাচক সংকেত দিলেও সাকিবের ফেরা কেন বিলম্বিত হচ্ছে, তা নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলছে। অবশেষে নিজের ফেরা এবং আইনি পরিস্থিতি নিয়ে সরাসরি মুখ খুললেন জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার ও পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালেই সাকিবের দলে ফেরার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। সমর্থকরাও আশা করেছিলেন, অভিজ্ঞ এই অলরাউন্ডার ফিরলে দলের মিডল অর্ডার ও বোলিং আক্রমণ আরও ধারালো হবে। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। এ বিষয়ে সাকিব সরাসরি বলেন, ‘আমি আশা করি দেশে ফিরতে পারব। তবে এখন সবকিছু আইনি জটিলতায় আটকে আছে।’

নিজের ফেরার পথ সুগম করতে বিসিবির আরও সক্রিয় ভূমিকা আশা করছেন সাকিব। তিনি বলেন, ‘বোর্ড এখন পর্যন্ত আমার প্রতি আন্তরিকতা দেখিয়েছে। তবে তারা যদি একটু বেশি চেষ্টা করে, তবে এই আইনি বিষয়গুলো আরও দ্রুত সমাধান হতে পারে বলে আমি মনে করি।’

সারা জীবন মাঠের লড়াইয়ে অভ্যস্ত সাকিবের কাছে আদালতের এই পরিস্থিতি সম্পূর্ণ নতুন। দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজনীতির মাঠে জয়ী হলেও বর্তমানে মামলার মোকাবিলা করা তার জন্য এক অপরিচিত অভিজ্ঞতা। তিনি স্বীকার করে বলেন, ‘এই আইনি বিষয়গুলো এবং পরিস্থিতি আমার জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা।’

তবে সাকিব স্পষ্ট করে দিয়েছেন যে, আইনি বাধা অপসারিত হলেই তিনি দেশে ফিরতে এক মুহূর্ত দেরি করবেন না। তার ভাষায়, ‘আইনি বিষয়গুলো মিটে গেলে যত দ্রুত সম্ভব ফিরে আসব। যদি আজ বিষয়টার সমাধান হয়, তবে ইনশাআল্লাহ আমি পরদিনই দেশে ফিরব।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন। হত্যা মামলাসহ বেশ কিছু আইনি জটিলতার কারণে তার দেশে ফেরা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সমাধান এখন সময়ের হাতে।

মানবকণ্ঠ/আরআই