সিরিজ নির্ধারণী ‘অঘোষিত ফাইনালে’ ব্যাট হাতে গর্জে উঠলেন তানজিদ হাসান তামিম। পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন এই টাইগার ওপেনার। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ যেন একাই শাসন করলেন বাইশ গজ।
রোববার (১৫ মার্চ) টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ দেখেশুনে করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। শাহীন আফ্রিদি ও নাসিম শাহদের শুরুর তোপ সামলে ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন তারা। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান সংগ্রহ করে বাংলাদেশ।
শুরু থেকেই সাইফ হাসানের চেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন তানজিদ তামিম। মাত্র ৪৭ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করে তিনি জানান দিচ্ছিলেন বড় কিছুর। দুই ওপেনারের ব্যাটে ভর করে শতরানের জুটি পায় বাংলাদেশ। তবে দলীয় ১০৫ রানে ব্যক্তিগত ৩৬ রান করে শাহীন আফ্রিদির বলে সাইফ হাসান বোল্ড হলে ভাঙে এই জুটি।
সাইফ বিদায় নিলেও দমে যাননি তানজিদ তামিম। অধিনায়ক নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তিনি। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৫৩ রানের মূল্যবান জুটি। শান্ত ২৭ রান করে সাজঘরে ফিরলেও অবিচল ছিলেন তামিম। শেষ পর্যন্ত ইনিংসের মাঝপথে এসে ৯৮ বলে তিন অঙ্কের জাদুকরী ফিফগার স্পর্শ করেন তিনি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করার পথে তার ব্যাট থেকে আসে দৃষ্টিনন্দন সব বাউন্ডারি ও ওভার বাউন্ডারি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তানজিদ তামিমের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৫। গ্যালারিতে থাকা দর্শকদের উন্মাদনা আর তামিমের ব্যাটের ধার মিলিয়ে মিরপুর আজ অন্যরকম এক রূপ ধারণ করেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments