মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চিরচেনা ‘স্পিন বিষের’ পরিবর্তে এবার গতির জাদুতে পাকিস্তানকে ধরাশায়ী করেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের পর শাহীন আফ্রিদির দলের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এর মধ্যে সাবেক গতিদানব মোহাম্মদ আমিরের এক মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাঁর মতে, বাংলাদেশ এবার স্পিন নয়, বরং বাউন্সি উইকেট বানিয়ে পাকিস্তানকে ‘বোকা’ বানিয়েছে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই হারের বৃত্তে আটকে থাকা পাকিস্তান মিরপুরেও সেই ব্যর্থতা থেকে বের হতে পারেনি। সিরিজের তিনটি ম্যাচেই অলআউট হয়েছে তারা। সাধারণত মিরপুরের মন্থর ও স্পিন সহায়ক পিচ নিয়ে ভীতি থাকলেও এবার কিউরেটর টনি হেমিংয়ের বানানো স্পোর্টিং উইকেটে উল্টো বিপাকে পড়ে পাকিস্তান।
সাবেক পেসার মোহাম্মদ আমির এক বিশ্লেষণে বলেন, “সবাই জানত বাংলাদেশের কন্ডিশনে খেলা সহজ হবে না। তবে এবার তারা খুব বুদ্ধিমানের মতো কাজ করেছে। বাংলাদেশ জানত আমরা স্পিন ভালো খেলি, তাই তারা আমাদের জন্য স্পিনের পরিবর্তে বাউন্সি উইকেট তৈরি করে আমাদের বোকা বানিয়েছে।”
পরিসংখ্যানও আমিরের দাবির পক্ষে কথা বলছে। এই সিরিজে পাকিস্তানের হারানো ৩০টি উইকেটের ১৯টিই নিয়েছেন বাংলাদেশের তিন পেসার। এর মধ্যে গতির ঝড় তোলা নাহিদ রানা একাই শিকার করেছেন ৮টি উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ৬টি ও মুস্তাফিজুর রহমান ৫টি উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।
পেস সহায়ক কন্ডিশনে বাংলাদেশের এমন দাপুটে জয় কেবল সিরিজ জয়ই নয়, বরং বিদেশের মাটিতেও টাইগারদের পেস আক্রমণের কার্যকারিতার নতুন বার্তা দিচ্ছে। অন্যদিকে, উত্তরসূরিদের এমন অসহায় আত্মসমর্পণে চরম হতাশ সাবেক পাকিস্তানি তারকারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments