Image description

সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতি নতুন করে আলোচনায় এসেছে। সীমান্তবর্তী এলাকায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনার পর আফগানিস্তানে পাকিস্তানের হামলার খবরও সামনে এসেছে। এর প্রভাব পড়তে পারে আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে।

আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে এবারের পিএসএল। টুর্নামেন্টটিতে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশেন ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রিকেটারদের খেলার কথা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে তাদের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও অস্ট্রেলিয়া সরকার খেলোয়াড়দের পাকিস্তানে যাওয়ার অনুমতি দিয়েছে, তবুও সতর্কতা জারি করেছে।

বিশেষ করে পেশোয়ারে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। অথচ এই শহরেও পিএসএলের একটি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। ২৮ মার্চ পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি রাইডার্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে। এই দুই দলেই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা রয়েছেন।

তবে সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের পাওয়া যাবে বলে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ভ্রমণের সব ব্যবস্থা ও পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং পিএসএল এর জন্য চুক্তিবদ্ধ হওয়া সব অস্ট্রেলিয়ান ক্রিকেটার আগামী সপ্তাহ থেকে আসতে শুরু করবে।