সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
অভিষেকেই জোড়া গোল করে বাংলাদেশকে জেতালেন রোনান
মালদ্বীপের মালেতে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ মার্চ) ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের নায়ক ছিলেন অভিষেক ঘটা যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। তার জোড়া গোলেই কোচ মার্ক কক্সের শিষ্যরা সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় বাংলাদেশ। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি দলটি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৫৪তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া চোখধাঁধানো এক ফ্রি-কিকে গোল করে দলকে লিড এনে দেন রোনান সুলিভান। এরপর ৬৭তম মিনিটে শেখ সংগ্রামের একটি নিখুঁত লং পাস থেকে দারুণ হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পাকিস্তান আর ম্যাচে ফিরতে পারেনি। পাকিস্তান একবার জালে বল পাঠালেও গোলরক্ষকের ওপর ফাউল হওয়ায় তা বাতিল করে দেন রেফারি।
এই জয়ের ফলে গ্রুপ ‘বি’-তে সেমিফাইনালের দৌড়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আগামী ২৮ মার্চ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
উল্লেখ্য, ২০২৪ সালে এই আসরে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। আগামী ৩ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments