Image description

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে একটি বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বিশ্বখ্যাত ইসলামি বক্তা ড. জাকির নায়েক। ছবিতে দুজনেই হাস্যোজ্জ্বল মুখে এবং মাথায় টুপি পরিহিত অবস্থায় দেখা গেছে।

ছবিটি ঠিক কোথায় তোলা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর মিরাজ যখন ওমরাহ পালন করতে গিয়েছিলেন, তখনই তাদের এই সাক্ষাৎ ঘটে।

ড. জাকির নায়েক তার ভেরিফায়েড পেজে ছবির ক্যাপশনে লিখেছেন, "একজন মুসলিম অ্যাথলেটের সাথে আলাপচারিতা... বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।" তবে পোস্টটি শেয়ার করার সময় প্রথমে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। তিনি ভুলবশত মিরাজকে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে উল্লেখ করেছিলেন। ধারণা করা হচ্ছে, সরাসরি তথ্য যাচাই না করে গুগল সার্চের ওপর নির্ভর করায় এই ভুলটি ঘটেছিল। পরে অবশ্য সেটি সংশোধন করা হয়। বর্তমানে মিরাজ ওয়ানডে দলের এবং শান্ত টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিচ্ছেন।

উল্লেখ্য, ভারতের নাগরিক ড. জাকির নায়েক ২০১৬ সাল থেকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। ভারতের কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনলে তিনি দেশ ছাড়েন। অন্যদিকে, মিরাজ বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অলরাউন্ডার হিসেবে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

মানবকণ্ঠ/আরআই