চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে: আমিনুল হক
আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার (২৯ মার্চ) সংসদে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগ ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারের অংশ।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে সাতটি খেলাধুলা দিয়ে এই কর্মসূচি শুরু করা হবে এবং পর্যায়ক্রমে আরো বিভিন্ন খেলা এতে অন্তর্ভুক্ত করা হবে।’
আমিনুল হক আরো বলেন, ‘শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে চায় সরকার।
এর মাধ্যমে শিশুদের ডিজিটাল ডিভাইসের ওপর নির্ভরশীলতা কমানো এবং মাঠে শারীরিক কর্মকাণ্ডে আরো বেশি সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে।’ এই পদক্ষেপ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে সরকারি দলের সদস্য মোশাররফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৮ সাল থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগের অভিযোগ যাচাই করতে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’ তিনি জানান, আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, দলীয় বিবেচনায় অনেককে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরা হবে।
আমিনুল হক বলেন, ‘আপনারা জেনে অবাক হবেন, অতীতে বিসিবির আর্থিক ও মানবসম্পদ ব্যবহার করে একটি গোষ্ঠীকে জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার কাজে সহায়তা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।’ তিনি আরও বলেন, তদন্তে দোষী প্রমাণিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন জানতে চান, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে বিসিবির সম্পদের অপব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে কি না।
জবাবে আমিনুল হক বলেন, পূর্ববর্তী সরকারের আমলে ক্রিকেটসহ ক্রীড়া খাত ব্যাপকভাবে রাজনীতিকরণের শিকার হয়েছিল, যার ফলে দেশের ক্রীড়াঙ্গনে স্থবিরতা দেখা দেয়। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্রীড়া খাতকে রাজনীতিমুক্ত করতে কাজ করছে।
প্রতিমন্ত্রী আরো জানান, বিসিবির কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার ব্যক্তিগত সম্পদ নিয়ে উদ্বেগের বিষয় তাঁর নজরে এসেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের কাছে চলমান তদন্তের তথ্য চাওয়া হবে, যাতে বিষয়টি জনসমক্ষে স্বচ্ছভাবে উপস্থাপন করা যায়।




Comments