Image description

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের ব্যস্ততার কারণে বাংলাদেশ সফরে মূল ক্রিকেটারদের বাদ দিয়ে দ্বিতীয় সারির দল নিয়েই বাংলাদেশে খেলতে আসছে কিউইরা।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ভিন্ন দুটি স্কোয়াড ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেসি)। স্কোয়াডে ফিরেছেন চোটে থাকা তিন পেসার ম্যাট ফিশার, উইল ও'রোক ও ব্লেয়ার টিকনার।

পিঠের চোটে থাকা ও'রোক শুধু ওয়ানডে, পায়ের চোট থেকে ফেরা ফিশার শুধু টি-টোয়েন্টি সিরিজে খেলবে। আর গোড়ালির চোট থেকে সেরে ওঠা টিকনারকে দুই সিরিজের দলেই রেখেছে কিউইরা।

এছাড়া ফেরার তালিকায় আছেন অফ স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। ২০২৪ সালের এপ্রিলে টি-টোয়েন্টি খেলার পর আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। 

সাদা বলের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে ব্যস্ত থাকায়, বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক টম ল্যাথাম।

শ্রীলঙ্কা সফরে নিউ জিল্যান্ড 'এ' দলের সিরিজ শেষ করে বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন মোহাম্মদ আব্বাস (ওয়ানডে), আদিত্য অশোক (ওয়ানডে), ক্রিস্টিয়ান ক্লার্ক (ওয়ানডে ও টি-টোয়েন্টি) এবং বেন সিয়ার্স (ওয়ানডে ও টি-টোয়েন্টি)।

স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় থাকা একমাত্র ক্রিকেটার জেডেন লেনক্স। বাংলাদেশ সফর দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হতে পারে তার।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড। পরে ১৭ এপ্রিল থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরে টি-টোয়েন্টি সিরিজ শুরু ২৭ এপ্রিল। ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে হবে দুই সিরিজের খেলা।

নিউ জিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ড্যান ক্লেভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স,  উইল ও'রোক, বেন সিয়ার্স, হেনরি নিকোলস, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং

নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক), কাটেন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ড্যান ক্লেভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার