আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মেগা এই আসরের আগে নিজেদের ঝালিয়ে নিতে নিগার সুলতানা জ্যোতির দল স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।
ইতোমধ্যে এই ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টটি শুরু হবে ২৮ মে এবং চলবে ৪ জুন পর্যন্ত। এডিনবার্গের ‘দ্য গ্রাঞ্জ ক্লাব’ মাঠে অনুষ্ঠিতব্য এই সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলার সুযোগ পাবে। তবে সিরিজে কোনো ফাইনাল ম্যাচ রাখা হয়নি।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচের সূচি:
৩০ মে: বাংলাদেশ বনাম স্কটল্যান্ড
৩১ মে: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস
২ জুন: বাংলাদেশ বনাম স্কটল্যান্ড
৪ জুন: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস
ত্রিদেশীয় সিরিজ শেষ করেই টাইগ্রেসরা পাড়ি জমাবে ইংল্যান্ডে বিশ্বকাপের মূল আসরে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ ‘এ’ গ্রুপে লড়বে। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
আগামী ১২ জুন এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল শেষে ৫ জুলাই ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল।
বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি:
১৪ জুন: বনাম নেদারল্যান্ডস (এজবাস্টন, বিকেল ৩:৩০)
১৭ জুন: বনাম অস্ট্রেলিয়া (হেডিংলি, বিকেল ৩:৩০)
২০ জুন: বনাম পাকিস্তান (হ্যাম্পশায়ার বোল, সন্ধ্যা ৭:৩০)
২৫ জুন: বনাম ভারত (ওল্ড ট্রাফোর্ড, সন্ধ্যা ৭:৩০)
২৮ জুন: বনাম দক্ষিণ আফ্রিকা (লর্ডস, বিকেল ৩:৩০)
মানবকণ্ঠ/আরআই




Comments