Image description

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে সানরাইজার্স হায়দরাবাদের অজি অধিনায়ক প্যাট কামিন্সের খেলা নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। দলের ক্যাম্পে যোগ দিলেও পিঠের পুরনো চোটের উন্নত চিকিৎসার জন্য কামিন্সকে আবারও অস্ট্রেলিয়ায় ফিরতে হয়েছে।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, কামিন্সের এই অস্ট্রেলিয়া সফরটি মূলত তার চোটের একটি পূর্বনির্ধারিত স্ক্যানের জন্য, যা ক্রিকেট অস্ট্রেলিয়ার সরাসরি তত্ত্বাবধানে সম্পন্ন হবে। ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচের পরই তিনি ভারতের ক্যাম্প ছেড়ে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল তার আবারও দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

গত বছরের জুলাইয়ের পর থেকেই পিঠের চোটের কারণে কামিন্সকে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে। তবে বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং নেটে বোলিং অনুশীলনও শুরু করেছেন। ‘বিজনেস অব স্পোর্ট’ পডকাস্টে কামিন্স বলেন, “আমি এখনো পিঠের চোট থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। তবে আগের চেয়ে ভালো বোধ করছি এবং নেটে বোলিং শুরু করেছি।”

আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলোতে খেলতে না পারার বিষয়ে তিনি বলেন, “আইপিএল শুরু হলেও আমি প্রথম দিকে মাঠে নামতে পারছি না। তবে দ্রুতই ক্রিকেটে ফেরার ব্যাপারে আমি দারুণ আশাবাদী।”

কামিন্সের অনুপস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব নিয়ে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। চলতি আসরে দলটির শুরুটা খুব একটা সুখকর হয়নি; প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৬ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে কলকাতার বিপক্ষে ৬৫ রানের বিশাল জয়ে ঘুরে দাঁড়িয়েছে হায়দরাবাদ। আগামী ৫ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে দলটি। সেই ম্যাচেও কামিন্সের সার্ভিস পাচ্ছে না সানরাইজার্স।

মানবকণ্ঠ/ডিআর