Image description

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। ভারতের হিমাচল প্রদেশের শিমলায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৯ বালক ইভেন্টে শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে স্বর্ণ পদক জিতেছে লাল-সবুজের দল।

এই অনবদ্য জয়ের ফলে আগামী ২১-২৭ জুন ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিতব্য ‘আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে’ সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করল বাংলাদেশ।

প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল—তিনটি দলই সমান ৫ পয়েন্ট অর্জন করে। তবে সেট ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান দখল করে স্বর্ণ নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য সুখকর ছিল না। প্রথম গেমে বিকেএসপির আবুল হাসেম হাসিব শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইনের কাছে ২-৩ ব্যবধানে হেরে যান। তবে এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় অদম্য বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নাফিজ ইকবাল ৩-০ গেমে দানুক লামাসুরিয়াকে পরাজিত করে সমতা ফেরান। এরপর জয় ইসলাম ৩-০ ব্যবধানে মুনাসিংহা হারিনকে হারিয়ে দলকে লিড এনে দেন। শেষ ম্যাচে দলের অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে পরাজিত করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

দক্ষিণ এশীয় জুনিয়র টিটিতে বাংলাদেশের এই সাফল্যের ধারাবাহিকতা বেশ ঈর্ষণীয়। এর আগে ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ বিভাগে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। ২০২৩ সালে ভারতের অরুণাচল এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ রৌপ্য পদক লাভ করেছিল। এছাড়া গত বছর নেপালের কাঠমান্ডু থেকেও ব্রোঞ্জ পদক অর্জন করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী শুক্র ও শনিবার প্রতিযোগিতার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে। বর্তমান এই সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী ইভেন্টগুলোতেও ভালো করার লক্ষ্য বাংলাদেশের।

মানবকণ্ঠ/ডিআর