Image description

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণরত বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশেষ অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

পূর্ব ঘোষণা অনুযায়ী, পিএসএলে খেলা বাংলাদেশি ক্রিকেটারদের এনওসির মেয়াদ ১২ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। তবে ১৩ এপ্রিল পেশোয়ার জালমির একটি গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় এই দুই পেসারকে আরও একদিন দলে পাওয়ার আবেদন জানায় পিসিবি। বিসিবি সেই আবেদনে ইতিবাচক সাড়া দেওয়ায় শরিফুল ও রানা আগামী ১৪ এপ্রিল দেশে ফিরবেন এবং সরাসরি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।

এবারের পিএসএলে গতির ঝড় তুলে নজর কেড়েছেন তরুণ পেসার নাহিদ রানা। শুরুর দিকে কিছুটা খরুচে হলেও শেষ দুই ম্যাচে ৫ উইকেট শিকার করে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। অন্যদিকে, শরিফুল ইসলামও ৪ ম্যাচে ২ উইকেট নিয়ে দলের বোলিং আক্রমণে অবদান রেখেছেন।

তবে পিএসএল মিশনটা সুখকর হয়নি পারভেজ হোসেন ইমনের জন্য। কাঁধের লিগামেন্টে চোট পেয়ে সময়ের আগেই দেশে ফিরতে হয়েছে তাকে। ফিজিওর প্রাথমিক ধারণা অনুযায়ী, মাঠে ফিরতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে। আজ বিসিবির চিকিৎসকরা তাকে পরীক্ষা করে দেখবেন, যার ওপর নির্ভর করবে নিউজিল্যান্ড সিরিজে তার অংশগ্রহণ। এছাড়া রিশাদ হোসেন ৪ ম্যাচে ২ উইকেট নিয়েছেন এবং তানজিদ হাসান তামিম কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই মিশন শেষ করেছেন। অন্যদিকে মোস্তাফিজ ৫ ম্যাচে ৬ উইকেট নিয়ে লাহোর কালান্দার্সের হয়ে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিয়েছেন।

মানবকণ্ঠ/আরআই