নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হারে বাংলাদেশ। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। তবে ২১ রানে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে দেন শরিফুল ইসলাম। কিউই ওপেনার নিক কেলিকে বোল্ড করে সাজঘরের পথ দেখিয়েছেন এই গতিতারকা।
সপ্তম ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়ে শরিফুলকে একটি বাউন্ডারি হাঁকান নিক কেলি। তবে পরের বলেই লেগ সাইডে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। ব্যাটের কানায় লেগে বল সোজা আঘাত হানে লেগ স্টাম্পে। এতে ভাঙে নিউজিল্যান্ডের ২১ রানের উদ্বোধনী জুটি। আউট হওয়ার আগে ২৩ বলে এক চারে ৭ রান করেন কেলি। ৭ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২৪ রান। ক্রিজে হেনরি নিকোলসের নতুন সঙ্গী হিসেবে যোগ দিয়েছেন উইল ইয়ং।
রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৫১ রান। ওভার ১৪।
বাংলাদেশের তুলনায় নিউজিল্যান্ডের এই দল বেশ অনভিজ্ঞ। একাধিক তারকা খেলোয়াড় আইপিএল ও পিএসএল খেলতে ব্যস্ত থাকায় তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে কিউইরা। চলতি বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলা একাদশের আটজন ক্রিকেটারকে আজ বাংলাদেশের বিপক্ষে পাচ্ছে না তারা।
অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। গত মাসে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে টাইগাররা। তবে বাংলাদেশের মিডল অর্ডার এখনো কিছুটা অনিশ্চয়তায় রয়েছে। মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের ভূমিকা পরিষ্কার নয়। পাশাপাশি সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর কাছ থেকেও বড় ইনিংস প্রত্যাশা করা হচ্ছে। বোলিং বিভাগে তাসকিন, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমানের গতি দলের বড় শক্তি। সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেন ভিন্নতা এনে দিচ্ছেন।




Comments