বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহু প্রতীক্ষিত নির্বাচনের সময়সূচি নিয়ে বড় আপডেট দিয়েছেন বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আগামী জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বিসিবির নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে বর্তমান কমিটি।
সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালীন প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম এই ঘোষণা দেন। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে যাওয়ার পর বর্তমানে ১১ সদস্যের অ্যাডহক কমিটি বিসিবি পরিচালনা করছে, যার নেতৃত্ব দিচ্ছেন তামিম নিজেই।
নির্বাচনের সময়সূচি নিয়ে তামিম বলেন, ‘আমাদের হাতে ২১ জুলাই পর্যন্ত সময় থাকলেও আমরা অতদিন অপেক্ষা করতে চাই না। পরিকল্পনা অনুযায়ী আগামী জুনের প্রথম সপ্তাহেই নির্বাচন সেরে ফেলতে চাই। কোনো কারণে দেরি হলেও দ্বিতীয় সপ্তাহের বেশি যাবে না। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দ্রুত নিয়মিত বোর্ড গঠিত হোক।’
নির্বাচন ছাড়াও মাঠের ক্রিকেটে একটি পুরনো সংস্কৃতি ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানান তামিম। আসন্ন নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ থেকেই মাঠে ‘বল বয়’ ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন তিনি। তামিম বলেন, ‘আগে দেখতাম বাউন্ডারির চারপাশে খুদে ক্রিকেটাররা বল বয় হিসেবে থাকতো। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশে এটি চালু থাকলেও আমাদের দেশে কেন যেন বন্ধ হয়ে গেছে। আমরা এটি পুনরায় চালু করতে চাই।’
বল বয় হিসেবে নিজের শৈশবের স্মৃতি রোমন্থন করে তামিম আরও বলেন, ‘আমি নিজেও বল বয় ছিলাম। ১৯৯৮ সালে চট্টগ্রামে এমসিসি যখন এসেছিল, তখন আমি মাঠে বল বয় হিসেবে দায়িত্ব পালন করেছি। খুদে ক্রিকেটারদের জন্য এটি দারুণ এক অভিজ্ঞতা।’
উল্লেখ্য, বিসিবির এই অ্যাডহক কমিটির মূল দায়িত্ব হলো ৯০ দিনের মধ্যে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা। তামিমের এই ঘোষণা ক্রিকেট অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments