নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের চমকপ্রদ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে বোলিং আক্রমণে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দলের অভিজ্ঞ তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তরুণ নাহিদ রানাকে বিশ্রামে রাখা হয়েছে।
ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক পেস বোলিং অলরাউন্ডার আবদুল গাফফার সাকলাইনের অন্তর্ভুক্তি। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে তার পাওয়ার হিটিং এবং ডেথ ওভার বোলিংয়ের পারদর্শিতা দেখিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন। এছাড়া ঘরোয়া লিগ ও বিপিএলে দারুণ পারফর্ম করা ডানহাতি পেসার রিপন মন্ডলও স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। ২৩ বছর বয়সী রিপন এর আগে ২০২৩ সালে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও মূল জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি।
টি-টোয়েন্টি সিরিজে লিটন দাসের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। তার ডেপুটি হিসেবে থাকছেন সাইফ হাসান। এছাড়া স্কোয়াডে অভিজ্ঞ ও তরুণদের এক দারুণ সমন্বয় দেখা যাচ্ছে। চোট কাটিয়ে দীর্ঘদিন পর ফিরছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ২৯ এপ্রিল একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ এবং শেষ ম্যাচটি ২ মে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গড়াবে।
প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, শামিম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন এবং আবদুল গাফফার সাকলাইন।
মানবকণ্ঠ/আরআই




Comments