Image description

চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস কাবাডিতে নেপালের কাছে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হেরেছে বাংলাদেশ। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে এই হারের ফলে গ্রুপ রানার্স-আপ হিসেবে সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হতে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের।

রোববার সকালে অনুষ্ঠিত এই ম্যাচে নেপালের বিপক্ষে ৩৬-৩৮ পয়েন্টে পরাজিত হয় বাংলাদেশ। ম্যাচটি মূলত গ্রুপ সেরা হওয়ার লড়াই ছিল, যাতে সেমিফাইনালে ভারতকে এড়ানো যায়। গত শুক্রবার বৃষ্টির কারণে ম্যাচটি স্থগিত হওয়ায় আজ তা নতুন সূচিতে অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। প্রথমার্ধে নেপাল ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও নেপালের রক্ষণভাগের দৃঢ়তা এবং রেইডারদের নৈপুণ্যের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়। নির্ধারিত সময় শেষে নেপাল ৩৮ ও বাংলাদেশ ৩৬ পয়েন্ট অর্জন করে।

গ্রুপ পর্বে দ্বিতীয় হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ বিকেলেই এই হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আশার কথা হলো, সেমিফাইনালে ভারতের বিপক্ষে জয় না পেলেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ব্রোঞ্জ পদক নিশ্চিত রয়েছে বাংলাদেশের।

মানবকণ্ঠ/আরআই