চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস নারী কাবাডিতে ১৪ বছরের পদক খরা কাটাল বাংলাদেশ। রোববার হাইভোল্টেজ সেমিফাইনালে শক্তিশালী ভারতের কাছে ৫০-৩১ পয়েন্টে হারলেও নিয়ম অনুযায়ী ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই ভারতের শক্তিশালী ডিফেন্ডার ও রেইডারদের সঙ্গে সমানে সমান লড়ার চেষ্টা করেন বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধ শেষে ভারতের সংগ্রহ ছিল ২২ পয়েন্ট এবং বাংলাদেশের ১৫। মাত্র ৭ পয়েন্টের ব্যবধান থাকায় বিরতি পর্যন্ত ম্যাচে ফেরার উজ্জ্বল সম্ভাবনা ছিল বাংলাদেশের।
তবে দ্বিতীয়ার্ধে ভারতীয় রেইডারদের অভিজ্ঞতার কাছে খেই হারিয়ে ফেলে বাংলাদেশের রক্ষণভাগ। দ্রুত পয়েন্ট সংগ্রহ করে ব্যবধান বাড়িয়ে নেয় ভারত। শেষ পর্যন্ত ৫০-৩১ পয়েন্টের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতীয়রা।
সেমিফাইনালে হারলেও বাংলাদেশের জন্য এই ব্রোঞ্জ পদক অনেক বড় প্রাপ্তি। ২০১২ সালের পর এশিয়ান বিচ গেমসের কাবাডিতে এটিই বাংলাদেশের প্রথম পদক জয়। গত দুই আসরে বাংলাদেশ অংশগ্রহণ করলেও কোনো পদক জিততে পারেনি।
দীর্ঘ ১৪ বছর পর এই আসর থেকে পদক পুনরুদ্ধার করায় দেশের ক্রীড়াঙ্গনে খুশির আমেজ বিরাজ করছে। মূলত নকআউট পর্বে পা রাখার মাধ্যমেই এই আসরে বাংলাদেশের পদক জয় নিশ্চিত হয়ে গিয়েছিল।
মানবকণ্ঠ/আরআই




Comments