Image description

বলিউডের ‘ড্যান্সিং কুইন’ নোরা ফাতেহি আবারও বিশ্বমঞ্চ কাঁপাতে প্রস্তুত। কাতার বিশ্বকাপের পর এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার আমন্ত্রণ পেয়েছেন এই কানাডিয়ান বংশোদ্ভূত মরক্কান সুন্দরী। আগামী ১২ জুন কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে আয়োজিত এই মেগা ইভেন্টে নিজের নাচের জাদুতে বিশ্ববাসীকে মুগ্ধ করবেন তিনি।

শনিবার আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সংক্ষিপ্ত তালিকায় নোরার নাম সগৌরবে স্থান পেয়েছে। এই তালিকায় তার সঙ্গে আরও রয়েছেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুলে এবং কেটি পেরির মতো বিশ্বখ্যাত সংগীত আইকনরা। কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানেও একঝাঁক আন্তর্জাতিক তারকা পারফর্ম করবেন।

এর আগে ২০২২ সালে কাতার ফিফা বিশ্বকাপে পারফর্ম করে ইতিহাস গড়েছিলেন নোরা। সেই সময় নিজের অনুভূতি প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, হাই স্কুলের অডিটোরিয়াম থেকে বিশ্বকাপের স্টেডিয়াম পর্যন্ত পৌঁছানো তার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় মুহূর্ত।

তবে এই বড় অর্জনের খবরের ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়েছিলেন নোরা। কন্নড় চলচ্চিত্র ‘কেডি: দ্য ডেভিল’-এর ‘সরকে চুনরি তেরি’ গানে সঞ্জয় দত্তের সঙ্গে তার পারফরম্যান্স নিয়ে অশ্লীলতার অভিযোগ ওঠে। গত ৭ মে ভারতের জাতীয় মহিলা কমিশনের সামনে হাজির হয়ে এই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চান অভিনেত্রী। তিনি জানান, একজন শিল্পী হিসেবে তিনি ভবিষ্যতে আরও 
দায়িত্বশীল হবেন এবং কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য তার ছিল না।

বিতর্কের তিক্ততা ভুলে এখন বিশ্বকাপের প্রস্তুতিতেই মনোনিবেশ করছেন নোরা। ফুটবল ভক্তরা আবারও ফিফার সবুজ গালিচায় নোরার চোখধাঁধানো পারফরম্যান্স দেখার অপেক্ষায় দিন গুনছেন।

মানবকণ্ঠ/আরআই