Image description

বিশ্বকাপ ফুটবলের জমকালো উদ্বোধনী আয়োজনে এবার যুক্ত হলো বাংলাদেশের নামও। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। বিশ্বসংগীতের মহাতারকাদের সঙ্গে একই মঞ্চে তার উপস্থিতির খবর প্রকাশ্যে আসার পর প্রবাসী বাংলাদেশিসহ দেশের সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বযজ্ঞকে ঘিরে এবার ভিন্নধর্মী পরিকল্পনা করেছে ফিফা। তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আলাদাভাবে তিনটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানগুলোকে ফুটবল, সংস্কৃতি ও সংগীতের এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত করতে চায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের আগে মঞ্চ মাতাবেন কলম্বিয়ান রেগেটন তারকা জে বালভিন ও দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গায়িকা টাইলা।

পরদিন ১২ জুন কানাডার টরন্টোতে বিএমও ফিল্ডে মুখোমুখি হবে স্বাগতিক কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা। এই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানেই বিশ্বমঞ্চে আলো ছড়াবেন বাংলাদেশের গর্ব ডিজে সঞ্জয়। তার সঙ্গে একই মঞ্চে থাকবেন কানাডিয়ান সংগীতশিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং বলিউড সেনসেশন নোরা ফাতেহি।

একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। সেখানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ আইকন কেটি পেরি, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা এবং টাইলা।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে জানিয়েছেন, এবারের বিশ্বকাপ শুধু একটি ফুটবল আসর নয়, এটি বিশ্ববাসীর সম্মিলিত উদযাপন। মেক্সিকো সিটি, টরন্টো ও লস অ্যাঞ্জেলেসের উদ্বোধনী অনুষ্ঠানগুলো বিশ্বজুড়ে এক অনন্য সাংস্কৃতিক বার্তা পৌঁছে দেবে।

এদিকে বিশ্বকাপকে ঘিরে বিশ্বব্যাপী সংগীত উন্মাদনাও শুরু হয়ে গেছে। নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে কলম্বিয়ান পপ কুইন শাকিরা এবারের আসরের অফিশিয়াল থিম সং-এর একটি বিশেষ ঝলক প্রকাশ করেছেন।

মোট ১০৪ ম্যাচের এই দীর্ঘ আসরকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ফুটবল উত্তেজনা। আর সেই বৈশ্বিক মঞ্চে একজন বাংলাদেশি শিল্পীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য এক বিশাল প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই