সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের প্রথম একাদশে জায়গা পেয়েছেন রেকর্ড আটজন প্রবাসী ফুটবলার।
গত ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। তাঁর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়া। এ ছাড়া ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করা ইব্রাহিমকে আজকের একাদশে রাখা হয়নি। তাঁর পরিবর্তে ফর্টিজের জাপানি বংশোদ্ভূত সুকি ইতোফুসাকে নাম্বার নাইন পজিশনে খেলাবেন কোচ থমাস ডুলি।
২০১৩ সালে ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়ার মাধ্যমে বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের যাত্রা শুরু হয়। এবার একাদশে সর্বোচ্চ আটজন প্রবাসী ফুটবলার থাকলেও মূল একাদশের বাইরে রয়েছেন জামাল।
ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ শনিবার রাত ৮টা ৩০ মিনিটে জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। পাকিস্তানকে হারাতে পারলে ২১ বছর পর সাফের ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
সর্বশেষ ২০০৫ সালের আসরে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবার ভারতের কাছে ২-০ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় লাল-সবুজের দলের। এরপর আর ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। এবারের আসরে ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর লক্ষ্য নিয়ে খেলছে দলটি।
গ্রুপপর্বে ভুটানকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় দলটি। ওই ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেন সামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন।
প্রথম সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফলে পাকিস্তানকে হারাতে পারলে শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এনএ

