সুন্দরবনের জেলে-বাওয়ালীদের আতঙ্ক, কুখ্যাত ডাকাত বাহিনী ‘জোনাব বাহিনী’র প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬) এর স্পেশাল কোম্পানি।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১১টায় খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জোনাব আলী (৪৫) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর এলাকার মৃত কেরামত আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সুন্দরবনে নিজের নামে বাহিনী গড়ে তুলে ত্রাস সৃষ্টি করে আসছিলেন।
এসআরবি সূত্র জানায়, এসআরবি ফোর্সেস নিয়মিতভাবে মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আটক এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ আসে, জোনাব আলী খুলনার হরিণটানা এলাকায় গা ঢাকা দিয়ে আছে। খবর পেয়েই এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল কৈয়া বাজার এলাকা ঘিরে ফেলে। পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তার। অভিযানে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় জেলেরা জানান, সুন্দরবনে মাছ ধরতে যাওয়া নিরীহ জেলে-বাওয়ালীদের অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, নৌকা-জাল লুট এবং অস্ত্রের মুখে জিম্মি করে রাখাই ছিল জোনাব বাহিনীর প্রধান কাজ। তার ভয়ে সুন্দরবনের শিবসা, আড়পাঙ্গাশিয়া ও মালঞ্চ নদী এলাকায় জেলেরা মাছ ধরতে যেতে ভয় পেতেন। তার বিরুদ্ধে সুন্দরবন সংলগ্ন বিভিন্ন থানায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোনাব আলীকে খুলনা মহানগরীর হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
তার গ্রেপ্তারের খবরে সুন্দরবন উপকূলের জেলে পল্লীতে স্বস্তি ফিরেছে। জেলেরা আশা করছেন, জোনাবের গ্রেপ্তারের মধ্য দিয়ে সুন্দরবন আরও এক ধাপ দস্যুমুক্ত হলো। সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত রাখতে এসআরবির এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
এসএ

