চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দেশের অন্যতম লাভজনক বন্দর-স্থাপনা। বর্তমানে প্রতি ২০ ফুট কনটেইনারে বন্দরের নিট আয় ৬৫ দশমিক ২৫ ডলার। তবে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে এ আয় কমে দাঁড়াবে মাত্র ১৭ দশমিক ১৮ ডলারে। অর্থাৎ কনটেইনারপ্রতি বন্দরের নিট আয় কমবে প্রায় ৪৮ ডলার।
বন্দরসংশ্লিষ্টদের মতে, লাভজনক ও আধুনিক এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। প্রস্তাবিত চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে বন্দরের রাজস্ব কাঠামো, সরকারি বিনিয়োগের সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্বার্থ নিয়ে।
এনসিটির মূল অবকাঠামো নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ৭৩৭ কোটি টাকা। সব মিলিয়ে সরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ২ হাজার ৭১২ কোটি টাকা। এর বিপরীতে ডিপি ওয়ার্ল্ড নতুন করে ২০৫ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। তবে এ অর্থ কোন কোন খাতে ব্যয় হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
প্রস্তাবিত চুক্তির আর্থিক হিসাব অনুযায়ী, বর্তমানে প্রতি টিইইউ কনটেইনারে বন্দরের গড় গ্রস আয় ১৬১ দশমিক ৮২ ডলার। এর মধ্যে প্রায় ৩৫ শতাংশ আসে স্টোরেজ রেন্ট থেকে। ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব কার্যকর হলে এ আয় কমে প্রায় ১২০ ডলারে দাঁড়াতে পারে।
প্রস্তাব অনুযায়ী, ওই ১২০ ডলার থেকে বন্দর পাবে ৫৮ দশমিক ৫০ ডলার। এর মধ্যে প্রতি কনটেইনারে ৪১ দশমিক ৩২ ডলার পরিচালন ব্যয় বহন করতে হবে বন্দরকে। ফলে নিট মার্জিন থাকবে মাত্র ১৭ দশমিক ১৮ ডলার। অথচ বর্তমানে একই কনটেইনারে বন্দরের নিট মার্জিন ৬৫ দশমিক ২৫ ডলার।
বদলে যাচ্ছে রাজস্ব কাঠামো
ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবে প্রতি ২০ ফুট কনটেইনারের গড় আয়ের ওপর ভিত্তি করে ধাপে ধাপে রয়্যালটি দেওয়ার কথা বলা হয়েছে। গড় আয় ১০৫ ডলারের কম হলে ৪২ দশমিক ৫০ ডলার এবং ২১০ ডলার বা তার বেশি হলে ১৪১ দশমিক ৫০ ডলার দেওয়ার প্রস্তাব রয়েছে।
বন্দরসংশ্লিষ্টরা বলছেন, লালদিয়া ও পতেঙ্গা টার্মিনালের মতো একই ধরনের সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্পে প্রতি টিইইউতে নির্ধারিত রাজস্ব মডেল অনুসরণ করা হয়েছিল। এনসিটির অনুমোদিত আরএফপিতেও একই ধরনের কাঠামো ছিল। কিন্তু ডিপি ওয়ার্ল্ড নতুন করে রাজস্ব ভাগাভাগির পদ্ধতি প্রস্তাব করেছে।
চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, শুরুতে ডিপি ওয়ার্ল্ডকে শুধু অপারেটর হিসেবে দায়িত্ব দেওয়ার কথা ছিল। পরে কাঠামো পরিবর্তন করে প্রতিষ্ঠানটিকে কনসেশনিয়ার হিসেবে দেখানো হয়েছে। এতে আমদানি-রপ্তানিকারকদের কাছ থেকে আদায় করা অর্থ প্রথমে অপারেটরের হিসাবে জমা হবে এবং পরে তার একটি অংশ বন্দর পাবে।
তার মতে, এতে বন্দরের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। কারণ টার্মিনালের আয় শুধু কনটেইনার ওঠানো-নামানোর মধ্যে সীমাবদ্ধ নয়; বিভিন্ন ধরনের সেবা থেকেও আয় হয়। কনসেশন কাঠামোয় এসব আয়ের বড় অংশ অপারেটরের হাতে চলে যেতে পারে।
এনসিটিতে বড় বিনিয়োগের প্রয়োজন নিয়ে প্রশ্ন
চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য (পরিকল্পনা ও প্রশাসন) জাফর আলম বলেন, এনসিটিতে প্রয়োজনীয় অধিকাংশ যন্ত্রপাতি আগে থেকেই রয়েছে। সফটওয়্যার, আইটি ব্যবস্থা আধুনিকায়ন ও দক্ষ জনবল নিশ্চিত করা ছাড়া বড় ধরনের নতুন বিনিয়োগের প্রয়োজন নেই।
বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানও দাবি করেন, গত কয়েক বছরেই এনসিটির অধিকাংশ ভারী যন্ত্রপাতি আধুনিকায়ন করা হয়েছে। ২০২২ সালে চারটি কিউজিসি ও চারটি আরটিজি ক্রেন যুক্ত করা হয়। প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ১৪টি কিউজিসি ও ৩৩টি আরটিজিসহ আধুনিক সরঞ্জাম কেনা হয়েছে।
তিনি বলেন, এসব যন্ত্রপাতির কার্যক্ষমতার মেয়াদ এখনো অনেক বছর রয়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণ করা হলে এগুলো আরও ১৫ থেকে ২০ বছর ব্যবহার করা সম্ভব। তাই নতুন করে ৩ থেকে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজনীয়তার দাবি বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এনসিটির সক্ষমতা ও আয়
চট্টগ্রাম বন্দরে বর্তমানে চারটি কনটেইনার টার্মিনাল—জেনারেল কার্গো বার্থ (জিসিবি), এনসিটি, চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)।
এর মধ্যে জিসিবিতে ছয়টি, এনসিটিতে চারটি, সিসিটিতে দুটি এবং পিসিটিতে তিনটি জেটি রয়েছে। আকারে দ্বিতীয় হলেও আধুনিক প্রযুক্তির কারণে অপারেশনে এনসিটি এগিয়ে।
২০২৫-২৬ অর্থবছরে ছয় জেটির জিসিবি ৪৬৫টি জাহাজ পরিচালনা করলেও চার জেটির এনসিটি পরিচালনা করেছে ৭৮১টি। গত অর্থবছরে এনসিটি এককভাবে ১৩ লাখ ৮৫ হাজার কনটেইনার হ্যান্ডলিং করে বন্দরের টার্মিনালগুলোর মধ্যে শীর্ষে ছিল। ২০১৭ সাল থেকে প্রায় প্রতিবছরই এই অবস্থান ধরে রেখেছে টার্মিনালটি।
বর্তমানে এনসিটি পরিচালনা করছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক, সাইফ পাওয়ারটেকের সহায়তায়। অন্যদিকে সিসিটি পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক এবং পিসিটি পরিচালনা করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে।
এনসিটির সঙ্গে সিসিটিকেও যুক্ত করার প্রস্তাব
শুধু এনসিটি নয়, পাশের সিসিটিকেও যুক্ত করে একটি একক টার্মিনাল হিসেবে পরিচালনার প্রস্তাব দিয়েছে ডিপি ওয়ার্ল্ড। গত ৮ এপ্রিল দুবাইয়ে বাংলাদেশ-দুবাই যৌথ পিপিপি প্ল্যাটফর্মের চতুর্থ সভায় এ বিষয়ে আলোচনা হয়। পরবর্তী বৈঠকে বিষয়টি পৃথক প্রকল্প হিসেবে বিবেচনার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
পিপিপি কর্তৃপক্ষের বক্তব্য
ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে বিডা-পিপিপি-বেজা-মিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন লিখিত জবাবে বলেন, আন্তর্জাতিক বন্দর কার্যদক্ষতা সূচকে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৩৬০-এর ঘরে থাকায় অভিজ্ঞ আন্তর্জাতিক অপারেটর আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে তাঁর ভাষ্য, বিষয়টি এখনো আলোচনা ও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া সম্ভব নয়।
ডিপি ওয়ার্ল্ডের স্থানীয় এজেন্ট ফারহান লজিস্টিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান জানান, তারা সম্প্রতি এ প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। তাই এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
পেশাজীবীদের উদ্বেগ
এনসিটির কর্তৃত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম। সংগঠনটির আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, কোনো যাচাই-বাছাই ছাড়াই সচল ও লাভজনক এই সরকারি সম্পদ অন্য প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া উচিত নয়।
তাঁরা জানান, এনসিটির মূল অবকাঠামো নির্মাণেই সরকারের ৭৩৭ কোটি টাকা ব্যয় হয়েছে এবং চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মোট সরকারি বিনিয়োগ প্রায় ২ হাজার ৭১২ কোটি টাকা। তাই চুক্তি চূড়ান্ত করার আগে সরকারি বিনিয়োগ, বন্দরের আয় এবং জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে পুরো প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানান তাঁরা।
এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রস্তাবিত কাঠামো কার্যকর হলে বন্দরের রাজস্ব কমে যাওয়ার যে হিসাব সামনে এসেছে, তা নিয়ে ইতোমধ্যে বন্দরসংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
এসএ

