তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম জানান, গার্ড অব অনার গ্রহণের পর শেরিং তোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। একই দিনে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে তার একান্ত বৈঠক এবং দুই দেশের প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব। বাংলাদেশ ভুটানকে স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, কৃষি, পর্যটন ও ক্রীড়া খাতে বেশ কিছু নির্দিষ্ট সহযোগিতা প্রস্তাব দিতে পারে। একই সঙ্গে ভুটানে বাণিজ্য সম্প্রসারণ, পানি ব্যবস্থাপনা এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি পেশাজীবীদের নিয়োগে সহায়তা চাওয়া হতে পারে।
বৈঠক শেষে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা এই তিন বিষয়ে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার রাতে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন।
পরবর্তী দিনে, ২৩ নভেম্বর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সরকারের কয়েকজন উপদেষ্টা ও ব্যবসায়ী প্রতিনিধিদলও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
তিন দিনের এ সফর শেষে আগামী সোমবার (২৪ নভেম্বর) শেরিং তোবগে ঢাকা ত্যাগ করবেন।

