যমুনার বুক চিরে এগিয়ে যায় একদল নারী। কখনো কাস্তে হাতে, কখনো কোদাল কাঁধে, কখনো আবার বীজভরা টিনের ডিব্বা সঙ্গে। বহুদিন আগেই তারা চোখের পানি যমুনার জলে ভাসিয়ে দিয়েছেন। এখন নদীভাঙন, দারিদ্র আর হতাশাকে পেছনে ফেলে বেঁচে থাকার লড়াইয়েই তাদের প্রতিটি দিন শুরু ও শেষ।
একদা যাদের পরিচয় ছিল ঘরবন্দী নারী—নির্যাতিতা, পরিত্যক্তা বা বিধবা—সেই নারীরাই আজ চরের উর্বর পলিমাটিতে গড়ে তুলছেন স্বপ্নের সবুজ মাঠ। যমুনা চরের হাজারও নারীর শ্রমে আজ বদলে গেছে সমাজের দৃষ্টিভঙ্গি; নতুনভাবে লেখা হচ্ছে তাদের জীবনের গল্প।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া চরে গেলেই চোখে পড়ে ভিন্ন এক দৃশ্য। ধু-ধু বালির মাঝেও ব্যস্ততা। পুরুষের পাশাপাশি নারীরা কাঁধে কোদাল তুলে বাদাম, ভুট্টা আর বিভিন্ন শস্যের বীজ ছিটাচ্ছেন।
পাশে দাঁড়িয়ে কথা হয় মরিয়ম খাতুনের সাথে। ঘামে ভেজা মুখে ক্লান্তি নেই; আছে অভ্যাস আর আত্মবিশ্বাসের দীপ্তি।
“ও একা কাজ সামলাইতে পারে না,” হেসে বললেন মরিয়ম, স্বামীর দিকে তাকিয়ে। “কামলা নিতে গেলে টাকা লাগে। তাই দুইজন মিলাই কয়েক বছর ধরেই জমিতে কাজ করি।”
নিজেদের এক বিঘা আর বন্ধকে নেয়া আরও দুই বিঘা জমিতে ইতোমধ্যে ভুট্টা লাগিয়ে ফেলেছেন তারা।
সেই জমিতেই কাজ করছেন রহিমা খাতুন (২৫)। কাজ শেষে হাত মুছে বললেন, “মেয়েকে কলেজে দিছি, ছেলে ইস্কুলে যায়। ওদের রিক্সাওয়ালা বাবার আয়ে সংসার চলে না। তাই কাম করি। দিনে তিনশ- পাঁচশ টাকা পাই। দু’জন মিলে আয় করি এখন সংসার ভালোই চলতিছে। ভিক্ষা করি না—কাজ কইরা খাই। এতে শরম নাই।”
তার চোখেমুখে যে আত্মবিশ্বাস দেখা যায়—সেটাই এই চরের নারীদের নতুন পরিচয়। চোখের জল থেকে উঠে দাঁড়ানো এক অবিচল নারীর জয়গাঁথা খাসরাজবাড়ি চরের সুমির জীবন যেন এক উপন্যাস। মাত্র ১৪ বছর বয়সে তার বিয়ের পিঁড়িতে বসতে হয়। মেধাবী ছাত্রী, অথচ তাকে তুলে দেওয়া হয় তার চেয়ে ১৫ বছরের বড় এক যুবকের হাতে।
এক বছর না যেতেই কোলজুড়ে আসে মেয়ে। কিন্তু এরপরই সুমি হয়ে গেলেন অবহেলার প্রতীক। নেশাগ্রস্ত স্বামী আরেক বিয়ে করে ঢাকায় চলে যায়। একদিন ঘরে আসে তালাকের কাগজ।
বাবা-মায়ের ঘরে ঠাঁই হলেও শান্তি ছিল না। পরিবার প্রায়ই দোষ চাপাতো তার ওপর—“তোরই কারণে সংসার টিকল না।” একদিন চোখের পানি মুছে সুমি দৃঢ় মন নিয়ে বাড়ির পাশে পরিত্যক্ত কিছু জমিতে লাগালেন নেপিয়ার জাতের ঘাস। সময় গড়িয়ে ঘাস বড় হতেই পাশের বাড়ির এক চাচা এসে পাঁচশ টাকায় কিনে নিলেন সুমির প্রথম ফসল। সেই পাঁচশ টাকাই বদলে দিলো তার জীবন।
এরপর আর পেছনে তাকাননি তিনি। বন্ধকে জমি নিয়ে ঘাস চাষ বাড়ালেন, করলেন মুরগির খামার। দুইজন নারী শ্রমিকও কাজ পান তার খামারে। মেয়ে এখন স্কুলে পড়ে, আর সুমির সংসারে কদর আগের চেয়ে অনেক বেশি।
উপজেলা প্রাণিসম্পদ অফিসের পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে এখন তিনি আরও এগিয়ে যেতে চাচ্ছেন। বৃদ্ধ বাবা গর্বের সঙ্গে বলেন, “আমার মেয়ের হাতের ঘামে ঘরের অভাব ঘুচছে—এটাই আমার আনন্দ।”
যমুনা চরের নারীরা আজ আর দুর্বলতার প্রতীক নন। তারা জমি চাষ করেন,বাদাম-ভুট্টা লাগান,মাছ ধরেন,ঘাস চাষ করেন, হাঁস-মুরগির খামার চালান এবং বাজারে নিজে পণ্য বিক্রি করেন।
একসময় যাদের সমাজ ভিক্ষুক, নির্যাতিতা বা ভার মনে করতেন তারাই এখন পরিবারের ভরসা, সম্মানের জায়গা।
ভাঙন, দারিদ্র আর প্রাকৃতিক বৈরিতাকে জয় করে তারা প্রমাণ করেছেন অদম্য ইচ্ছাশক্তির কাছে প্রকৃতিকেও পরাজিত করা যায়।
যমুনার চরের নারীরা শুধু নিজেদের জীবনই বদলে দিচ্ছেন না; বদলে দিচ্ছেন একটি অঞ্চলের অর্থনীতি, সমাজ এবং দৃষ্টিভঙ্গি। তাদের হাতে কৃষির চারা যেমন বড় হয়, তেমনি বড় হয় স্বপ্নও। যমুনার বুকে তাই আজ শুধু ফসল নয় ফুটছে নারীর শক্তি, সাহস আর সাফল্যের রঙিন ইতিহাস।

