বাংলাদেশের পণ্যবাহী জাহাজ এমভি আব্দুলাহ জলদস্যুদের দ্বারা হাইজ্যাক হওয়ার খবর এখন বিশ্বব্যাপী। জলদস্যুদের দ্বারা জাহাজগুলো আক্রান্ত হওয়ার সংবাদ নতুন নয়। বাংলাদেশের জাহাজ এমভি জাহান মণি সোমালীয় জলদস্যুদের দ্বারা অপহৃত হওয়ার পর গোটা দেশের মানুষ তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, ২০১০ সালের ৫ ডিসেম্বর।
২০১০ সালের ১১ নভেম্বর ব্রেভ রয়েল শিপিংয়ের মালিকানাধীন জাহাজ ‘এমভি জাহান মণি’ ৪৩ হাজার ১৫০ টন নিকেল আকরিক নিয়ে ইন্দোনেশিয়া থেকে যাত্রা শুরু করে। এরমধ্যে একবার জাহাজটি সিঙ্গাপুর বন্দরে যাত্রাবিরতি করে। ২৭ নভেম্বর রওনা হয় গ্রিসের উদ্দেশে। এর মাত্র ৯ দিন পর ২০১০ সালের ৫ ডিসেম্বর জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটির নির্ধারিত যাত্রাপথ ছিল সুয়েজ ক্যানালের ভেতর দিয়ে। কিন্তু, ছিনতাইয়ের পরপরই জাহাজটির গতিপথ সোমালিয়ার দিকে ঘুরিয়ে দেয়া হয়। এদিকে প্রথম ৭ দিন জাহাজটির কারও সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। ১১ ডিসেম্বর ২০১০ বাংলাদেশ সময় রাত দেড়টা নাগাদ জাহাজটি সোমালিয়া উপকূলে গিয়ে ভিড়ে। ওই সময়ের উপগ্রহচিত্র থেকে দেখা যায়, জাহাজটি সোমালিয়ার জলসীমার ভেতরে উপকূল থেকে সাত মাইল দূরে গারাকাড নামক স্থানের কাছাকাছি নোঙর করেছে। মূলত তখনই নিশ্চিত হওয়া যায় যে, সোমালিয়ার জলদস্যুরাই জাহাজটি ছিনতাই করেছে।
এদিকে, ১৩ ডিসেম্বর সোমালিয়ার জলদস্যুরা তাদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকদের ছেড়ে দেয়ার বিনিময়ে মুক্তিপণ দাবি করে। লিওন নামের একজন জলদস্যুর পক্ষে দরকষাকষি করছিলেন। তিনি নাবিকদের জানান, জলদস্যুরা ৯ মিলিয়ন ডলার মুক্তিপণ চান। এ ব্যাপারে জলদস্যুদের পক্ষ থেকে জাহাজমালিক কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়। ওইদিন সন্ধ্যায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি জাহান মণিতে থাকা ২৬ জন বাংলাদেশির সবাই তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ২-৪ মিনিট কথাও বলেন। অবশেষে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি ব্রেভ রয়েল শিপিংয়ের কর্মকর্তাদের সঙ্গে সোমালিয়ার জলদস্যুদের দরকষাকষি বা নেগোশিয়েশন চূড়ান্ত হয়। ওই বছরের ২৮ ফেব্রুয়ারি জলদস্যুদের প্রতিনিধিদের সঙ্গে মুক্তির বিষয়ে লিখিত চুক্তি হয়।
সমঝোতা অনুযায়ী জলদস্যুরা এমভি জাহান মণিকে ওমানের সালালাহ বন্দর পর্যন্ত যাওয়ার মতো জ্বালানি তেল এবং নাবিকদের খাওয়া-দাওয়া ও কিছু ওষুধপত্র সরবরাহ করে। এভাবেই শেষ হয়েছিল সেই জিম্মি মহড়া! এর প্রায় ১৪ বছরের মাথায় আরেকটি বাংলাদেশি জাহাজ জলদস্যুদেও কবলে পড়লো। বিশ্বের বিভিন্ন সমুদ্রপথে জলদস্যুদের এ উৎপাত বিশ্বের শান্তিকামী মানুষকে খুবই আতঙ্কিত করে তুলেছে। বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যারা জলপথে বড় ধরনের আমদানি-রপ্তানিতে নিয়োজিত, তাদের এ পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষভাবে ভাবতে হচ্ছে। তা শুরু হয়েছে ৯০ এর দশক থেকে। ঘটনাপ্রবাহ আমাদের জানাচ্ছে, ১৯৯৫ সাল থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে এই চক্র।
২০০৫ সালে এমভি ফাইস্টি নামে একটি পেট্রোলিয়াম গ্যাস ট্যাঙ্কার ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। হংকংভিত্তিক কোম্পানির জাহাজটির মালিক পরবর্তীতে তিন লাখ ১৫ হাজার ডলার দিয়ে মুক্ত করে। এমনটাই জানায় জাতিসংঘ। একই বছর এমভি স্যামলো নামে অন্য আরেকটি জাহাজ আটক করে জলদস্যুরা। জাহাজটি জাতিসংঘের পক্ষ থেকে সুনামি দুর্গতদের জন্য খাবার নিয়ে মোম্বাসা, কেনিয়া থেকে বোসাসো যাচ্ছিলো। এ ঘটনার ১০০ দিন পর মুক্তিপণ ছাড়াই জাহাজটি ছেড়ে দেয় দস্যুরা। ২০০৭ এর চিত্রটা আরো ভয়াবহ। স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে ছয় কেনীয় ও শ্রীলঙ্কানসহ মোট ১২ জনের একটি জাহাজ দখল করে তারা। এরপর ২৭ ফেব্রুয়ারি সোমালির কোস্টগার্ডের সদস্যরা জাহাজটি পুনরুদ্ধারের চেষ্টা চালালে ব্যর্থ হন তারা। উল্টো প্রাণ হারান দুই কোস্টগার্ড। একই বছর মে মাসে ১০ জন চীনা, ২ তাইওয়ানি ও ২ ফিলিপিন্সের নাগরিকসহ একটি মাছ ধরার জাহাজ আটক করে জলদস্যুরা। এদের ভেতর এক চীনা নাগরিককে হত্যা করে তারা। কারণ মালিক পক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে দেখা করতে ব্যর্থ হয়। জলদস্যুদের এই ভয়াল থাবা থেকে রক্ষা পায়নি তানজানিয়া, ডেনমার্ক, গ্রিস, জাপান ও উত্তর কোরিয়াসহ অন্যান্য দেশের জাহাজ।
‘সোমালীয় পাইরেটস’ বলে পরিচিত এ জলদস্যু চক্রে শুধু সোমালিয়ানই নয়- হাইতি, নাইজেরিয়া, তানজানিয়াসহ আফ্রিকার আরও কিছু দেশের কুখ্যাত দস্যুচক্র এখন সংঘবদ্ধ হয়েছে। ২০০৯ সালে তারা ৫১টি জাহাজ ছিনতাই করে। এই সময়ে এসে, ভারত মহাসাগরের পূর্ব আফ্রিকা উপকূলে গত কয়েক মাসে পণ্যবাহী জাহাজে জলদস্যুদের আক্রমণের ঘটনা দ্রুত বেড়েছে। এসব ঘটনা বাণিজ্যিক জাহাজের নাবিক, জাহাজ পরিচালনাকারী কোম্পানি এবং সরকারগুলোর মাথাব্যথার বড় কারণ হয়ে উঠেছে। এদের এ উৎপাতে যুক্তরাষ্ট্র খুবই শঙ্কা প্রকাশ করছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিডিয়ায় এদের দৌরাত্ম্য বন্ধে নানা উদ্যোগ নেয়ার সুপারিশও করা হচ্ছে দীর্ঘদিন থেকেই।
যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মতে, এসব জলদস্যু প্রতিনিয়ত তাদের দুর্বৃত্তপনার পদ্ধতি পরিবর্তন করছে। নোঙর করা জাহাজেই তারা হানা দিত সচরাচর। এখন তারা চলমান জাহাজকে ধাওয়া করে সেসব জাহাজেও ঢুকে পড়ছে। নাবিকদের জিম্মি করে মুক্তিপণ চাইছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে ১৯ নভেম্বর ২০২৩ হুতি আক্রমণ শুরু হওয়ার পর গত তিন মাসে দুই হাজারের বেশি জাহাজ লোহিত সাগরের পরিবর্তে অন্য পথ্য ব্যবহার করেছে। জলদস্যুরা সাম্প্রতিক সময়ে এ? সুযোগই নিয়েছে হর্ন অব আফ্রিকাজুড়ে। রয়াল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (আরইউএসআই) এর বরাতে মার্কিন বাণিজ্য সংবাদমাধ্যম সিএনবিসি বলছে, এ পথজুড়ে গত তিন মাসে আগের ছয় বছরের চেয়েও অনেক বেশি দস্যুতার ঘটনা ঘটেছে।
২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত সোমালি জলদস্যুদের তৎপরতা ছিল ব্যাপক। এরপর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, জোট ও দেশের নিরাপত্তা বাহিনী জোট বেঁধে বা এককভাবে জলদস্যুদের বিরুদ্ধে সক্রিয় হলে তা কমতে শুরু করে। সবশেষ ২০১৭ সালের পর একেবারেই কমে গিয়েছিল তাদের তৎপরতা।
তবে ২০২৩ সালের ১৪ ডিসেম্বর সোমালিয়ার বোসাসো শহর থেকে প্রায় ৭০০ নটিক্যাল মাইল পূর্বে একটি বাল্ক ক্যারিয়ার (পণ্যবাহী জাহাজ) ছিনিয়ে নিয়ে আবার স্বরূপে আর্বিভূত হয় জলদস্যুরা। এরপর জাহাজ ছিনিয়ে নেয়ার আরও একাধিক ঘটনা ঘটেছে।
ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্স অপারেশন আটলান্টা এর তথ্যানুসারে, সোমালিয়া উপকূলে ২০২৩ সালের ২৪ নভেম্বর থেকে ২৯ জানুয়ারি ২০২৪ পর্যন্ত তিন মাসে এডেন উপসাগর ও সোমালি সমুদ্র এলাকায় ১৯টি জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে। মার্কিন বাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে রয়াল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট (আরইউএসআই) এর বরাতে সাম্প্রতিক সময়ে সোমালি জলদস্যুদের জোরালোভাবে ফিরে আসার তথ্য দিচ্ছে।
বাণিজ্যের এ পথকে সোমালি জলদস্যুরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ করে তোলে ২০১১ সালে। ওই বছর সর্বোচ্চ ২১২টি আক্রমণের ঘটনা ঘটে। এরপর বিভিন্ন দেশ ও জোটের নিরাপত্তা বাহিনী তৎপর হলে সাম্প্রতিক বছরগুলোতে তা কমতে শুরু করেছিল। এসব ঘটনায় খুবই উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। গত ১ ফেব্রুয়ারি ২০২৪, বাইডেন প্রশাসন ভারতের কাছে ৩,৯৯ বিলিয়ন ডলারের ড্রোন এবং সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যাতে এগুলো সামুদ্রিক নিরাপত্তা এবং নজরদারি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মতে, বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত: ৩১টি স্কাই গার্ডিয়ান ড্রোন, ৩১০টি ছোট-ব্যাসের বোমা, ১৭০টি হেলফায়ার মিসাইল এবং অন্যান্য সম্পর্কিত সহায়তা সরঞ্জাম রয়েছে।
স্পেনের রোটা নেভাল বেস থেকে আটলান্টা জলদস্যুতা প্রচেষ্টার বিরোধী একজন মুখপাত্র ইমেলের মাধ্যমে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে বলেছেন যে হর্ন অফ আফ্রিকার চারপাশে জলদস্যুদের বিরুদ্ধে রক্ষাকারী সামুদ্রিক বাহিনীর জোটকে উন্নত করা হবে।
“এক সপ্তাহের মধ্যে, আমাদের এলাকায় অতিরিক্ত জাহাজ এবং বাহিনী মোতায়েন করা হবে। আমরা আমাদের মিশনগুলোকে পূরণ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। যার মধ্যে জলদস্যুতার বিরুদ্ধে লড়াই এবং ওয়ার্ড ফুড প্রোগ্রামের জাহাজ এবং এই অপরাধী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে আমাদের অপারেশন চলবে। এই এলাকায় সমস্ত দুর্বল জাহাজগুলোর সুরক্ষা বাড়ানো হবে। মুখপাত্র লিখেছেন------ আমরা সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখতে আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সাথে একসাথে কাজ চালিয়ে যাব।
আটলান্টায় স্থায়ী ফ্ল্যাগশিপ জাহাজ ইএসপিএস ভিক্টোরিয়া এবং নির্দিষ্ট সময়ে, অপারেশনে সহায়তা করার জন্য অসংখ্য অন্যান্য জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। সোমালীয় উপকূলে লোহিত সাগরের নিরাপত্তা কভারেজ সম্প্রসারিত করার বিষয়ে সিএনবিএসএর একটি প্রশ্নের উত্তরে, একজন মার্কিন নৌবাহিনীর মুখপাত্র লিখেছেন, ‘পরিচালনামূলক নিরাপত্তা এবং আমাদের পরিষেবা সদস্যদের নিরাপত্তা রক্ষার জন্য, আমরা ভবিষ্যতের অপারেশন বা ভঙ্গি নিয়ে আলোচনা বা পূর্বাভাস করি না।’
নৌবাহিনীর মুখপাত্র বলেছেন, ‘আমরা যা বলতে পারি তা হল যে অপারেশন সমৃদ্ধি গার্ডিয়ানে অংশগ্রহণকারী দেশগুলোর সাথে লোহিত সাগরে বর্ধিত টহল ব্যবহার করে জাহাজ শিল্পকে আশ্বাস দিতে এবং সামুদ্রিক ট্র্যাফিক সুরক্ষার জন্য কাজ করছে।’ বিশেষজ্ঞরা বলছেন, সোমালিয়ায় গেল তিন দশকজুড়ে কোনো কার্যকর শক্তিশালী সরকার না থাকায় এদেশের কিছু দুর্বৃত্ত বিশ্বের সমুদ্র অঞ্চলকে নিজেদের তালুক ভাবতে শুরু করেছে। তারা অবৈধভাবে এ মুক্তিপণ মুদ্রা আদায় করে অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডেরও উৎস সৃষ্টি করছে এবং অর্থ যোগান দিচ্ছে। কয়েক বছর আগে জার্মানির একটি তৈলবাহী জাহাজ হাইজ্যাক করে তারা প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন ডলার আদায় করে। ‘মারিন্ডা মার্গারেট’ নামক ওই জাহাজে ১৯ জন ভারতীয়, দুজন বাংলাদেশি এবং একজন ইউক্রেনিয়ান নাবিক ছিলেন।
জলদস্যুদের হানায় বিশ্বের সমুদ্র সীমানায় এই যে ছিনতাই ঘটনা ঘটছে তা রোধের উপায় কী? কয়েকবছর আগে জাতিসংঘ অনুমোদন করেছিল এসব জলদস্যুর আস্তানায় আঘাত হানার অনুমোদন। কিন্তু মূলত তা ধনী এবং শক্তিশালী দেশগুলোর গড়িমসির কারণে খুব একটা কার্যকর হয়নি। সেই অনুমোদনে জাতিসংঘ সম্মত হয়েছিল সোমালীয় এসব জলদস্যুর সব স্থল স্থাপনায়ও আক্রমণ করা যাবে। এখানে উল্লেখ করা দরকার, এসব জলদস্যুর গডফাদাররা সোমালিয়ার বিভিন্ন স্থলাঞ্চলেই বহাল তবিয়তে বসবাস করছে। যারা মূলত জাহাজপ্রতি গড়ে পাঁচ মিলিয়ন ডলার আদায় করছে, তাদের শেকড় একেবারে দুর্বল নয়। এদের অস্ত্রের উৎসই বা কী? তারা অস্ত্রের যোগান পাচ্ছে কোত্থেকে? বিষয়গুলোও ভেবে দেখা দরকার বিশ্বের শান্তিবাদী রাজনৈতিক নেতাদের। লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, জলদস্যুরা তাদের আক্রমণের গতিপথ বারবারই পরিবর্তন করছে। এখন তারা এরাবিয়ান গালফ, পূর্ব আফ্রিকান কোস্ট মোজাম্বিক, এমনকি ভারতীয় কোস্টকেও বেছে নিচ্ছে।
গেল কয়েক বছর আগে এসব জলদস্যু একটি আমেরিকান বাণিজ্যিক জাহাজকে জিম্মি করে। এতে আমেরিকা খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রায় সঙ্গে সঙ্গেই জলদস্যুদের সঙ্গে আলোচনার নামে ইউএস মেরিন কমান্ডো পাঠায়। ইউএস কমান্ডোরা বীরত্বের সঙ্গেই জাহাজ উদ্ধার করে এবং জলদস্যুদের কয়েকজনকে গ্রেপ্তার করে। কয়েকজন জলদস্যু আক্রমণে মারাও যায়।
জলদস্যুরা বিশ্বের সমুদ্র সীমানায় যে আতঙ্ক এবং ত্রাস সৃষ্টি করেছে তা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সম্মিলিত টাস্কফোর্স জোরদার করা সময়ের জরুরি দাবি। কারণ জলপথ নিরাপদ না হলে বিশ্বে ব্যবসা-বাণিজ্য আরও চরম হুমকির মুখে পড়তে পারে।
লেখক: সাহিত্যিক ও কলামিস্ট
মানবকণ্ঠ.এআই

