মে মাসের প্রথম দিনটিকে বিশ্বে পালন করা হয় ‘মে দিবস’ হিসেবে। পৃথিবীর সব শ্রমিকের লড়াই-সংগ্রাম-পরিশ্রমের প্রতি সম্মান জানানো হয় এই দিনে। শ্রদ্ধা জানানো হয় তাঁদের আত্মত্যাগের পূণ্যস্মৃতির উদ্দেশ্যে। এই দিনটির প্রতি সম্মান জানানোর পেছনে রয়েছে এক রক্তাক্ত ইতিহাস। শ্রম ছাড়া কোনো কিছুই উৎপাদন করা যায় না- এ সত্য অস্বীকার করার উপায় নেই।
কিন্তু, কর্ম ঘণ্টা কতক্ষণ হবে? শ্রমশক্তি বিক্রি করে যে শ্রমিক সে কি তার শ্রম সময়ের মূল্য নির্ধারণ করতে পারবে? কতক্ষণ কাজ করলে এবং কতটুকু মূল্য পেলে তার জীবন বিকশিত করার সুযোগ সে পাবে, জীবনের চাহিদা বলতে আসলে কী বুঝায়, শ্রমের কাজে নিয়োজিত পশু এবং মানুষের ভূমিকা, মূল্য এবং মর্যাদা কীভাবে বিবেচিত হবে, জীবনের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন ও জীবন বিকাশের জন্য সংস্কৃতি নির্মাণে শ্রমের ভূমিকা কী, শ্রমিক কি শুধু প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনে শ্রম প্রদান করে নাকি সে উৎপাদিত দ্রব্যের ক্রেতাদের এক বিপুল অংশ, লক্ষ-কোটি শ্রমিক পণ্য না কিনলে তা বিক্রি হবে কীভাবে, শ্রমিকের মজুরি উৎপাদিত দ্রব্যের বিপণনে কী ভূমিকা রাখে, ন্যায্য মজুরি আসলে কতো হবে, মুনাফা আসে কোথা থেকে, মুনাফা বৃদ্ধিতে মালিকের তৎপরতা কতো ধরনের, শ্রমিক কেনো মজুরি বৃদ্ধির আন্দোলনে অংশ নেয়, শ্রমিকের জীবন এবং ভবিষ্যৎ শ্রম শক্তি তার সন্তানদের জীবন কেমন হবে? এরকম অসংখ্য প্রশ্নের ঘনীভূত রূপ হিসেবে দাবি উঠেছিলো ৮ ঘণ্টা কর্মদিবস চাই।
এই দাবিতে ১৮৮৬ সালে গর্জে উঠেছিলো শ্রমিকরা। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা নেমেছিলো তুমুল আন্দোলনে। তাঁদের দাবি ছিল, উপযুক্ত মজুরি এবং দৈনিক আট ঘণ্টার বেশি কাজ নয়। কারণ, তাঁদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা তো ছিলই না, উপরন্তু সেই কাজের জন্য তাঁরা একেবারেই ন্যায্য মজুরি পেতেন না। প্রতিদিন ১৬ ঘণ্টা হাড়ভাঙা খাটুনি করতে হতো তাঁদের, ভাবা যায়! কল-কারখানা তখন গিলে খাচ্ছিল শ্রমিকের গোটা জীবন। সপ্তাহের ছয় দিন কাজ করে শ্রমিকদের শরীর-স্বাস্থ্য-জীবন বলতে কোনোকিছু অবশিষ্ট থাকত না। দাবি উঠেছিল, কল-কারখানায় রক্ত পানি করা পরিশ্রমী শ্রমিকের গোটা জীবন এভাবে কিনে নেওয়া যাবে না। এই দাবিতে শুরু হয় আন্দোলন।
মে মাসের প্রথম দিনই শ্রমিকরা ধর্মঘটের আহ্বান জানায়। প্রায় তিন লাখ মেহনতি মানুষ যোগ দেয় সেই সমাবেশে। এক সময় বিক্ষুব্ধ শ্রমিকদের রুখতে মিছিলে পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে বহু শ্রমিক হতাহত হন। এখানেই নির্যাতনের শেষ নয়। আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় গ্রেপ্তারকৃত ছয় শ্রমিককে। কারাগারে বন্দিদশায় এক শ্রমিক নেতা আত্মহত্যা করেন। পরের বছর প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে দিনটিকে মে দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এটাই হলো মে মাসের পয়লা দিনটি শ্রমিক দিবস হয়ে ওঠার সংক্ষিপ্ত ইতিহাস।
শ্রমিকদের আত্মত্যাগের কথা বলতে গেলে আজকাল শুধু পোশাক শিল্পের শ্রমিকের কথা বলা হয়। তার কারণ এছাড়া অন্য কোনো শিল্পকারখানাকে শিল্পের মর্যাদা দেয়া হয়নি। এটাও মালিকী কারসাজির অংশ। আন্তর্জাতিক শ্রম সংস্থার ২০১৩ সালের তথ্য অনুযায়ী দেশে সব ধরনের শ্রমজীবী মানুষের সংখ্যা ৭ কোটি ৭৬ লাখের বেশি। এর মধ্যে শ্রমজীবী নারী ও পুরুষ আছেন। কিন্তু যদি মনে করা হয়, ট্রেড ইউনিয়ন শ্রমিকের পক্ষে কথা বলার বা শ্রমিকের স্বার্থ দেখার প্রতিষ্ঠান তাহলে দুঃখজনকভাবে হলেও সত্যি যে, সারা দেশে মাত্র ১৬৯টি ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সদস্য হচ্ছে ২৩ লাখ, যা মোট শ্রমজীবী মানুষের ৩ শতাংশ মাত্র।
শ্রমিক ও শ্রমজীবী মানুষের মধ্যেও বড় পার্থক্য রয়েছে। যারা নির্দিষ্ট মজুরি কাঠামোতে আছেন, তাদের মধ্যেও ট্রেড ইউনিয়ন খুব সক্রিয় নয়, মাত্র ২৩ শতাংশের সদস্য আছে। নারী শ্রমিকদের মাত্র ১৫ শতাংশ ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত কিন্তু নেতৃত্বে আছেন খুব কম। তাই তাদের বিশেষ দাবি উপেক্ষিত হয়ে যায়। মজার বিষয় হচ্ছে, সরকারি বড় বড় কারখানাতেই ট্রেড ইউনিয়ন বেশি সক্রিয়, যেখানে কারখানাই চলে না বা প্রায় বন্ধ হওয়ার পথে। বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করার সুবিধা বা অধিকার স্বীকৃত নয়।
বাংলাদেশে বর্তমান ট্রেড ইউনিয়নের দুরবস্থার মূল কারণ হচ্ছে, তারা মালিক বা কর্তৃপক্ষের সঙ্গে নয়, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠন হয়ে একে অন্যের বিরোধিতা করছেন। যারা শ্রমিকদের সংগঠন নয় তারা মধ্যস্বত্বভোগী দালালের ভূমিকায় থেকেও শ্রমিক সংগঠনের প্রতিনিধিত্ব করছে। শ্রমিকের স্বার্থ দেখার চেয়ে নিজ দলের স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অবহেলিত নারী কাজের সন্ধানে ঢাকায় এসে ঢুকছে গার্মেন্টসে। ফলে গার্মেন্টস কারখানায় নারী শ্রমিকের সংখ্যা বেশি চোখে পড়ে। কিন্তু এখানেও প্রায় ৩৫ লাখ শ্রমিকের মধ্যে মাত্র ৬৩ হাজার ইউনিয়ন করার অনুমতি পেয়েছেন, তাও পুরোপুরি ট্রেড ইউনিয়নের নিয়মমতো নয়।
এবার মে দিবসের আগে আমরা দেখছি বিশেষ পেশার শ্রমজীবীদের আন্দোলন করতে এবং তাদের দাবির প্রতি কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে সরকার দিব্বি বসে আছে। বাংলাদেশে সম্প্রতি সময়ে ক্লিনিক, বেসরকারি হাসপাতালের সংখ্যা বেড়েছে। সেখানে নার্সসহ বিভিন্ন পেশাজীবীদের সংখ্যা অনেক। তারা দাবি করলেও কোনো ফল হয় না। এ বিভাগটা নিয়ে কোনো শ্রমিক সংগঠনের মাথা ব্যথাও নেই।
নার্সদের কাজ খুব কঠিন অথচ তাদেরকে শ্রমজীবী হিসেবে ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠনের আলোচনায় খুব একটা দেখা যায় না। এটা যেন স্বাস্থ্য বিভাগের বিষয়। বিশেষ খাতের শ্রমিক হিসেবে তারা আন্তর্জাতিক শ্রম সনদের মধ্যে থাকলেও এখানকার ট্রেড ইউনিয়ন তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে কোনো কর্মসূচি দেয়নি। বরং দেখা গেছে, সরকার তাদের আন্দোলনকে বড় নির্দয়ভাবে প্রতিহত করার চেষ্টা করেছে। বেকার নার্সদের ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেয়া ইত্যাদি বিষয়গুলো বিভিন্ন সময় পত্রিকায় এসেছে, কিন্তু খুবে একটা সহানুভূতি পায়নি।
মে দিবসে দুটো বিষয় প্রধানত সামনে আসে। এক. মজুরি, দুই. কাজের ঘণ্টা ও কাজের পরিবেশ। বাংলাদেশ এখনো পৃথিবীতে সস্তা শ্রমিকের দেশ হিসেবেই পরিচিত। আর শ্রমিক নারী হলে তো কথাই নেই। একই কাজে একই মজুরির দাবি দীর্ঘদিনের হলেও তা পূরণ হচ্ছে না । নারী-পুরুষের মজুরি বৈষম্য এত প্রমাণের পরও দূর করা সম্ভব হচ্ছে না। আনুষ্ঠানিক খাতের তুলনায় অনানুষ্ঠানিক খাতে মজুরি ৮ শতাংশ কম। মজুরি নির্ধারণ করা হয় দৈনিক ৮ ঘণ্টা, সাপ্তাহিক একদিন ছুটি ধরে। সপ্তাহের মোট কাজের ঘণ্টা ৫৬ হওয়ার কথা। এর চেয়ে বেশি হলে তা ওভার টাইম বলে গণ্য হবে।
অবশ্য সেই নিয়ম সবক্ষেত্রে পালন করা হয় না। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু তবুও এই দিনটিতে কিছুটা হলেও শ্রমিকের অধিকারের প্রশ্ন তুলে ধরা যায়। পোশাক শ্রমিক বাংলাদেশের এখন সবচে বড় শ্রমিক গোষ্ঠী মে দিবসে সংবাদপত্রের বৈষম্যের বিষয়টিও উঠে আসা উচিত বলে মনে করি। বাংলাদেশে শিশুশ্রমিকের সংখ্যা কত তা নিয়ে সরকারি বা বেসরকারি পর্যায়ে দীর্ঘদিন কোনো জরিপ হয়নি। ফলে দেশে শিশুশ্রমিকের সংখ্যা কত সে বিষয়ে কোনো তথ্য নেই। তবে ২০১৩ সালের জরিপের তথ্য অনুযায়ী ১২ লাখ ৮০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ছিল। তবে করোনাকালে দেশে শিশুশ্রমিক বেড়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউনিসেফের নতুন এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা বেড়ে ১৬ কোটিতে পৌঁছেছে, যা গত চার বছরে বেড়েছে ৮৪ লাখ। ২০১৩ সালের জাতীয় শিশুশ্রম জরিপের তথ্য অনুযায়ী, পূর্ণকালীন শ্রমিক হিসেবে কাজ করতো ১৭ লাখ শিশু। তাদের মধ্যে ১২ লাখ ৮০ হাজার শিশুই নিয়োজিত ছিল ঝুঁকিপূর্ণ কাজে। করোনাকাল থেকে দেশে শিশুশ্রমিক আরও বেড়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
ঝুঁকিপূর্ণ কাজে এসব দেবশিশুরা রুটি- রুজির জন্য কাজ করে তাদের উপরে যে পরিমাণ শারীরিক অথ্যাচার হয় তা বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে এসেছে। একই ভাবে লাঞ্ছনা-বঞ্চনার শিকার হয় গৃহপরিচারিকার কাজে নিয়োজিতরা। খুন্তির ছ্যাঁকা থেকে শুরু করে এমন কোনো অত্যাচার নেই যা গৃহপরিচারিকার উপরে হয় না। দোকানের কাজের ছেলে, ইটভাঙা শ্রমিক সবই বৈষমের শিকার, অত্যাচারের শিকার। মাঝে মধ্যে মিডিয়ায় আসে। আর যেগুলো আসে না, তা আমরা জানি না। গার্মেন্টস শ্রমিমদের খাত দেশের বড় শ্রমিক খাত। এখানে প্রায়ই এদের রাস্তায় নামতে হয় বেতনের জন্যে। এসব শিল্প মালিকরা নিজেরা যেমন ধনী। আবার সরকারের কাজ থেকে সাহায্যও পায়। কিন্তু শ্রমিকদের বেতন দেয়ার বেলায় যত অনীহা।
এ দেশে হাজারো বৈষম্যের ভিড়ে এখানে রয়েছে এক শুভঙ্করের ফাঁকি। যারা এ পেশায় যুক্ত রয়েছেন তারা এর নীরব সাক্ষী। অথচ শ্রমিকদের কোনো জাত নেই। বৈষম্য থাকাও উচিত নয়। শ্রমিক মানে শুধুই শ্রমিক। তাই বৈষম্যও কাক্সিক্ষত নয়। মে দিবসের তাৎপর্য অনুযায়ী এ বিষয়টিও আমাদের মাথায় রাখা উচিত। নইলে সব কিছুই এক সময় শুধুমাত্র অনুষ্ঠান সর্বস্ব হয়ে যাবে।
লেখক: সাংবাদিক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক।
মানবকণ্ঠ/আরএইচটি

