জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে জয়পুরহাটের কালাইয়ে অর্ধশতাধিক দর্শকের মুঠোফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজের প্রবেশফটকে এসব মুঠোফোন খোয়া যাওয়ার ঘটনা ঘটে।
আটক গোলাম রতন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার গোলাম রব্বানীর ছেলে। কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে দর্শকেরা আসতে শুরু করেন। দিনভর অনুষ্ঠানস্থলে প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের সমাগম হয়।
সন্ধ্যায় অনুষ্ঠান শুরুর আগে কলেজের প্রবেশফটকে দর্শকদের প্রচণ্ড ভিড় তৈরি হয়। এ সময় ভিড়ের মধ্যে একের পর এক দর্শকের মুঠোফোন খোয়া যায়। ভুক্তভোগীদের অভিযোগ, সুযোগ বুঝে চোর ও পকেটমার চক্রের সদস্যরা তাঁদের পকেট ও ব্যাগ থেকে মুঠোফোন নিয়ে গেছে।
অনুষ্ঠান শেষে মুঠোফোন হারানো ১০ থেকে ১২ জন দর্শকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের বেশির ভাগই কলেজের প্রবেশফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় মুঠোফোন হারিয়েছেন।
সরোয়ার জাহান নামে এক দর্শক বলেন, ‘ইত্যাদির দৃশ্যধারণ দেখতে এসেছিলাম। সন্ধ্যার দিকে লাইনে দাঁড়িয়ে ফটক দিয়ে ঢোকার পর দেখি পকেটে আমার মুঠোফোন নেই।’
অনুষ্ঠানের নিরাপত্তায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় প্রায় ২৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন রোভার স্কাউট স্বেচ্ছাসেবক এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন। বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্বে থাকলেও প্রবেশফটকের ভিড়ে মুঠোফোন চুরির ঘটনায় দর্শকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
ওসি সাইদুল আলম বলেন, ইত্যাদি অনুষ্ঠান দেখতে এসে অনেকের মুঠোফোন খোয়া গেছে। তবে ঠিক কতটি মুঠোফোন চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগীদের থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। এ পর্যন্ত তিনটির মতো সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। মুঠোফোন চুরির সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে তাঁর কাছ থেকে কোনো মুঠোফোন উদ্ধার করা যায়নি।
বিএইচ
